সৌম্য-তানজিদের দুর্দান্ত ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারার পর প্রথম দুই ওয়ানডেতেও হারে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে হারলে হোয়াইটওয়াশ হতে হতো সফরকারীদের। ব্যর্থতার চক্রে ঘুরতে থাকা বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর বিকল্প ছিল না। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম মিলে জিম্বাবুয়েকে ১৯৯ রানে আটকে দেন। দুইশ রান তাড়ায় সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমও বাংলাদেশকে প্রত্যাশা শুরুই এনে দেন। তাদের দুজনের হাফ সেঞ্চুরি ও ১৫১ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিতটা পায় বাংলাদেশ। সৌম্যর মতো তানজিদকেও ফিরতে হয়েছে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। তবে তাদের দুজনের ব্যাটেই ৭ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছেন মেহেদী হাসান মিরাজরা।