৪০ ম্যাচ বসিয়ে রাখায় অবসর পাকিস্তানের তরুণ ক্রিকেটারের

পাকিস্তান ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২৪ বছর বয়সেই পাকিস্তানের ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন তরুণ ক্রিকেটার শাহজাইব ভাট্টি। দেশের ক্রিকেটে রাজনীতি, দুর্নীতি ও ঘরোয়া কাঠামোর দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের কথা জানান তিনি।

নিজের দীর্ঘ বার্তায় তরুণ এই ক্রিকেটার দাবি করেছেন, সুযোগ না পাওয়ায় হতাশ হয়েই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ২০২৪–২৫ মৌসুমের কায়েদ-ই আজম ট্রফির ফাইনালে শিয়ালকোট অঞ্চলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভাট্টির।

পেশোয়ার অঞ্চলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেই ম্যাচে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ১ রানে জয় পেয়ে শিরোপা জেতে তার দল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় হতাশা প্রকাশ করে ভাট্টি লিখেন, 'বিদায় পাকিস্তান ক্রিকেট। ২৪ বছর বয়সেই আমাকে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় জানাতে হচ্ছে। গত বছর কায়েদ-ই-আজম ট্রফি জেতা দলের সদস্য ছিলাম, ফাইনাল ম্যাচটিও সরাসরি সম্প্রচার হয়েছিল।'

তিনি আরও অভিযোগ করেন, 'ওই ফাইনালের পর প্রায় ৪০টি ম্যাচে আমাকে বসিয়ে রাখা হয়েছে। আমার একটাই স্বপ্ন ছিল পাকিস্তানের হয়ে খেলা, কিন্তু রাজনীতি, দুর্নীতি আর কাঠামোগত সমস্যাই আমার ক্রিকেটজীবনের ক্ষতি করছে। আমার মতো অনেক ক্রিকেটারকেই দেখেছি আগেই পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানাতে। শেষ পর্যন্ত আমিও একই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।'

ঘরোয়া ক্রিকেটে ভাট্টির অভিজ্ঞতা খুব বেশি নয়। এখন পর্যন্ত তিনি দুটি প্রথম শ্রেণির ম্যাচ, একটি লিস্ট ‘এ’ ম্যাচ এবং কয়েকটি টি–টোয়েন্টি খেলেছেন। শিয়ালকোটের এই ক্রিকেটার খুব পরিচিত মুখ না হলেও তার অভিযোগ ঘিরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরো পড়ুন: