রাজস্থানের বিপক্ষে ‘আবেগে’র কাছে নুইয়ে পড়ব না: স্যামসন

আইপিএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাঞ্জু স্যামসন এবং রাজস্থান রয়্যালস- দুটি নাম যেন দীর্ঘদিন ধরেই একে অপরের পরিপূরক ছিল। একাধিক মৌসুমে দলের সঙ্গে পথচলায় স্যামসন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মুখ হিসেবে। তবে এবার সেই পুরোনো দলের বিপক্ষেই খেলতে নামবেন তিনি, যা স্বাভাবিকভাবেই বাড়তি মনোযোগ কাড়ছে।

আইপিএল ক্যারিয়ারের অধিকাংশ সময়ই রাজস্থানের হয়ে খেলেছেন স্যামসন। ১৩ মৌসুমের মধ্যে ১১টিতেই ছিলেন এই দলে। মাঝখানে দুই মৌসুম দিল্লি ক্যাপিটালসে কাটানোর পর আবার রাজস্থানে ফিরে এসে নেতৃত্বও দেন দলকে। তবে গত মৌসুমে নানা টানাপোড়েনের পর অবশেষে সেই সম্পর্কের ইতি টানেন তিনি।

গত নভেম্বরে ট্রেড উইন্ডোতে বড় এক দলবদলের অংশ হয়ে চেন্নাই সুপার কিংসে যোগ দেন স্যামসন, 'এবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলব প্রথমবার। তবে আবেগের কাছে নুইয়ে পড়ব না আমি। রাজস্থান ছেড়েছি, কারণ মনে হয়েছে ওই দলে আমার সময় শেষ।'

কাকতালীয়ভাবে নতুন দলের হয়ে তার যাত্রা শুরু হচ্ছে পুরোনো দলের বিপক্ষেই, 'এখন তাদের মুখোমুখি হলে নিজের সেরা ক্রিকেটই মেলে ধরব। আমার মনে হয় না, এত বেশি আবেগ আমাকে পেয়ে বসবে, যা আমার খেলায় প্রভাব ফেলতে পারে। তবে ম্যাচের আগে ও পরে আবেগতাড়িত হয়ে উঠতে পারি।'

নতুন দলে যোগ দিয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলার সুযোগ নিয়েও উচ্ছ্বসিত স্যামসন, 'ধোনি ভাইয়ের সঙ্গে আগে কথা হয়েছে, সবসময় ইতিবাচক অনুভূতি পেয়েছি। তার সঙ্গে সময় কাটানো অনেক কিছু শেখার সুযোগ এনে দেবে।'

চেন্নাইয়ের সমর্থকদের ভালোবাসাও ইতোমধ্যে ছুঁয়ে গেছে তাকে, 'চেন্নাইয়ের দর্শকদের সমর্থন দেখে চমকে গেছি। হয়তো তারা আমাকে তাদের একজন হিসেবেই দেখছে। তাদেরকে হতাশ করতে চাই না, নিজের সবটুকু উজাড় করে দিতে চাই।'

আরো পড়ুন: