মঙ্গলবার প্রাইজমানি বুঝে পাচ্ছে বিপিএলে চ্যাম্পিয়ন-রানার্স আপরা

বিপিএল
বিসিবি
বিসিবি
সৈয়দ সামি
সৈয়দ সামি
বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। আগামী মঙ্গলবার (১০ মার্চ) ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের পাওনা বুঝে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে। পাশাপাশি রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসও প্রাইজমানি হিসেবে পাওয়ার কথা ১ কোটি ৭৫ লাখ টাকা।

বিপিএলের এই দলটির মালিকানায় ছিল বিসিবি। বিপিএল শুরুর ঠিক আগে দলটির মালিকানায় থাকা প্রতিষ্ঠান ট্রায়াঙ্গেল সার্ভিসেস সরে দাঁড়ায়। ফলে বাধ্য হয়েই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়ে নেয় বিসিবি। এদিকে লিগ পর্বে শীর্ষ দল হিসেবে প্লে–অফে জায়গা করে নিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে ওঠে তারা।

ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে প্রথমবার খেলতে এসেই চ্যাম্পিয়ন হয়ে হয়েছে দলটি। কদিন আগেই বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, প্রাইজমানি হস্তান্তরের সব দাপ্তরিক প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সব নথিপত্র প্রস্তুত করা হয়েছে এবং খুব দ্রুতই ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে। তিনি আশা প্রকাশ করেছিলেন ঈদের আগেই দলগুলো এই অর্থ পেয়ে যাবে। এবার সেই প্রক্রিয়াতেই মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিদের পাওনা অর্থ বুঝিয়ে দিচ্ছে বিসিবি। নিয়মানুযায়ী রানার্সআপ দলের ক্রিকেটাররা মোট প্রাইজমানির ৪০ শতাংশ অর্থ পাবেন বলে জানা গেছে।

এর আগে ২০২৫ মৌসুমে বিপিএলের অর্জিত লভ্যাংশ থেকে একটি অংশ পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারের আসরে দলগুলো সেই লভ্যাংশ পাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এবার লভ্যাংশ ভাগাভাগির সম্ভাবনা খুবই কম। আর তা পেলেও এর পরিমাণ হতে পারে খুবই অল্প।

এদিকে বিপিএলের বেশ কয়েকটি দল ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারেনি নির্ধারিত সময়ের মধ্যে। ফলে ক্রিকেটারদের পাওনা পরিশোধে এগিয়ে আসে বিসিবি। তারা ব্যাংক গ্যারেন্টির টাকা থেকে ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেছে।

আরো পড়ুন: