এরপর ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরেছে নিউজিল্যান্ড। হারের পর আবারও আলোচনায় এসেছে নিশামের নাম। মূলত নেপাল প্রিমিয়ার লিগের দল পোখারা অ্যাভেঞ্জার্স দারুণ বোলিংয়ের জন্য নিশামকে প্রশংসায় ভাসিয়ে একটি পোস্ট দিয়েছিল।
সেখানে নিশাম উল্টো খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন। পোস্টে তারা লিখেছিল, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ১৬তম ওভারে জিমি নিশামের অসাধারণ স্পেল ছিল বড় মঞ্চে দারুণ পারফরম্যান্স।'
পাশাপাশি তারা জানায়, গত মৌসুমে তাকে দলে পেয়ে তারা গর্বিত। তবে এই পোস্টের জবাবে নিশাম সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ মন্তব্য করেন। তিনি লেখেন, ‘কুল, তোমাদের খেলোয়াড়দের পারিশ্রমিক দাও।’ তার এই মন্তব্যে ফ্র্যাঞ্চাইজিটি কিছুটা অস্বস্তিতে পড়েছে বলেই মনে করা হচ্ছে।
গত মৌসুমে নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্স সাত ম্যাচে তিনটি জিতে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করেছিল। ২০২৪ সালে প্রথম মৌসুমে নিশাম খেলেছিলেন জানাকপুর বোল্টসের হয়ে। সেই মৌসুমে দলটি শিরোপা জয়ের পর একটি জনপ্রিয় ভোজপুরি নাচের গানে নিশামের উদযাপন সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।
নিশামের মন্তব্যের পর নেপালের ক্রীড়া সংবাদমাধ্যম হামরোখেলকুদ জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যে তার সঙ্গে কথা বলেছে এবং আগামীকাল ১০ মার্চের মধ্যে তার প্রাপ্য পারিশ্রমিক পরিশোধ করা হবে। ফলে একটি কমেন্টেই নিজের পাওনা ফিরে পাচ্ছেন নিশাম সেটা বলে দেয়াই যায়।