আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লক্ষাধিক মানুষের সামনে নিজেদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। প্রথম দল হিসেবে টানা দুই শিরোপা জেতার কীর্তিও গড়েছে তারা। সব মিলিয়ে টানা এক দশক আইসিসি শিরোপা জিততে না পারা ভারত শিরোপা জিতেই চলেছে একের পর এক।
২০২৪ সালে আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নিজেরদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন রোহিত শর্মা- বিরাট কোহলিরা। এরপর গতবছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জেতে তারা। এবার নিজদের ঘরের মাঠে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে ভারত। এই তিনটি শিরোপার প্রতিটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অলরাউন্ডার হার্দিকের। তাই শিরোপা জেতাটা আরো বেশি উপভোগ্য তার কাছে।
আহমেদাবাদের ফাইনালেও ব্যাট-বল দুই ভূমিকাতেই অবদান রাখেন হার্দিক। ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান করার পর বল হাতেও এক উইকেট শিকার করেন তিনি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও তিন উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। এমন বড় মঞ্চে পারর্ফম করার ক্ষুধাটাও প্রতিনিয়ত যেন বেড়েই চলেছে তার। ক্যারিয়ার নিয়ে ভাবনায় হার্দিক জানান, এখনো ১০ বছর ক্রিকেট খেলতে চান তিনি। আর শিরোপা জিততে চান প্রতি বছরই।
শিরোপা জয়ের পর হার্দিক বলেন, 'আমার ভেতর এখনও ১০ বছরের ক্রিকেট বাকি আছে এবং আমি চাই আরও ১০টি আইসিসি শিরোপা জিততে। এটাই আমার লক্ষ্য। গতকাল থেকেই আমি জানতাম, আমরা চ্যাম্পিয়ন হব। আমার মধ্যে কেবল এই বিশ্বাসই ছিল যে, জয় ছাড়া অন্য কোনো ফল আসতেই পারে না। পরাজয়ের চিন্তা আমার মাথাতেই আসেনি। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।'
৩২ বছর বয়সী হার্দিক আর কতদিন আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন তা হয়তো সময়ই বলবে। যতদিনই তিনি ক্রিকেটটা খেলুন না কেন, প্রতি বছরই একটা করে শিরোপা জেতার সুযোগ আসবে সেটি নিশ্চিত। আইসিসির সূচী অন্তত তাই বলছে।