‘ওরা বিশ্বকাপ জিতে, আমরা উগান্ডা-কেনিয়াকে হারিয়ে উদযাপন করি’

টি-টোয়েন্টি বিশ্বকাপ
আহমেদ শেহজাদ, ফাইল ফটো
আহমেদ শেহজাদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
‎বিশ্বকাপে পাকিস্তান সুপার এইট থেকে বাদ পড়লেও ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বাগযুদ্ধ চলেছে ফাইনালের আগ পর্যন্ত। যদিও ভারত শিরোপা জেতার পর কথার লড়াইয়ে না গিয়ে ভারতের কাছ থেকে শিক্ষা নিতে চান সাবেক পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ। নিজ দেশের ক্রিকেট কাঠামোকে তুলোধুনো করে শেহজাদ জানান, ভারত যেখানে বিশ্বকাপ জিতছে সেখানে পাকিস্তান কেনিয়া-উগান্ডার মত দলের বিপক্ষে জিতেই বেজায় খুশি।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মাঠের খেলার উত্তাপ এখন দূরের অতীত। যার প্রধান কারণ পাকিস্তানের ভারতের সাথে তাল মেলাতে না পারা। আধুনিক ক্রিকেটের সাথে মানিয়ে নিয়ে ভারত যেখানে নিজেদের যোজন যোজন এগিয়ে গেছে, সেখানে পাকিস্তানের ক্রিকেট যেন দিন দিন পিছিয়ে পড়ছে। প্রতিটি বহুজাতিক আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখী হলেও কোনো প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারে না পাকিস্তান।

এর কারণ হিসেবে শেহজাদ দায়ী করেছেন পাকিস্তানের ক্রিকেটিং কাঠামোকে। বিশ্বকাপের আগে ভারতীয় দলে খুব বেশি সুযোগ না পাওয়া সাঞ্জু স্যামসন-ইশান কিশানরা বিশ্বকাপে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন। শেহজাদ সামনে আনেন এই বিষয়টিই।

পাকিস্তানের জিও নিউজের অনুষ্ঠান 'হারনা মানা হ্যায়’-তে শেহজাদ বলেন, 'পাকিস্তানে প্রতিভার কোনো অভাব নেই। আমাদের দেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। সমস্যা হচ্ছে আমাদের ব্যবস্থায়। ভারতে কী আছে? সেখানে আছে প্রতিভা এবং একটি শক্তিশালী ব্যবস্থা। সেই প্রতিভা ও ব্যবস্থার মাধ্যমে নিয়মিত নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে।'

শেহজাদ আরো বলেন, 'এই খেলোয়াড় কে? তিনি সঞ্জু স্যামসন, যিনি প্রায়ই সুযোগ পান না। অথচ তিনিই বিশ্বকাপে ‘ম্যান অব দ্য সিরিজ’ হয়েছেন। আর এই ইশান কিশান- যিনি খুব কমই খেলেন। তাদের কাঠামোই এমন যে তাকেও একসময় দল থেকে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে তিনি আবার এখানে এসেছেন।'

ভারতের সিস্টেম ও মানসিকতার প্রশংসা করার পাশাপাশি নিজ দেশ পাকিস্তানের ক্রিকেটকে কটাক্ষ করে শেহজাদ বলেন, ''তারা বড় বড় দলের বিপক্ষে বড় ম্যাচ খেলে। তারা বড় বড় সিরিজও খেলে। আর পাকিস্তান জিম্বাবুয়ে, উগান্ডা বা কেনিয়ার মতো দলকে হারিয়েই উদযাপন করে।'

আরো পড়ুন: