আফগানিস্তান সিরিজে নেই বুমরাহ, খেলবেন কোহলি-রোহিতরা

ভারত-আফগানিস্তান সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলের চলতি আসরটা ভালো যাচ্ছে না জসপ্রিত বুমরাহর। এবার টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে ডানহাতি এই পেসার তো উইকেটই পাননি। টানা খেলে যাওয়ায় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রভাব পড়েছে বলে ধারণা সাবেক ক্রিকেটারদের। এমন অবস্থায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে। রাখা হয়নি ওয়ানডে সিরিজেও।

স্কোয়াডে থাকলেও টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব হারিয়েছেন ঋষভ পান্ত। বাঁহাতি উইকেটকিপার ব্যাটারের জায়গায় আফগানিস্তান সিরিজে ভারতের সহ-অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। বুমরাহর বাইরে সাউথ আফ্রিকা সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং পেসার আকাশ দীপ।

আফগানিস্তান সিরিজ দিয়ে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার মানব সুথার এবং গুরনর ব্রার। এ ছাড়া দলে যুক্ত করা হয়েছে হার্শ দুবেকে। ৬ জুন থেকে নিউ চণ্ডিগড়ে হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ১৪, ১৭ এবং ২০ জুন ধর্মশালা, লক্ষ্ণৌ ও চেন্নাইয়ে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

২০১৮ সালের পর এবারই প্রথম ভারতের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। বেঙ্গালুরুতে সেবার ইনিংস ও ২৬২ রানে হেরেছিলেন রশিদ খানরা। মাত্র দুই দিনের মধ্যেই জয় পেয়েছিল ভারত। শুভমান গিলরা অবশ্য সবশেষ সাউথ আফ্রিকা সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড— শুভমান গিল (অধিনায়ক), ইয়াশভি জয়সাওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), দেবদূত পাডিকাল, ঋষভ পান্ত, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মানব সুথার, গুরনর ব্রার, হার্শ দুবে এবং ধ্রুব জুরেল।


আফগানিস্তানের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড— শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনর ব্রার এবং হার্শ দুবে।

আরো পড়ুন: