‘পাকিস্তানের ভেতরের তথ্য বাংলাদেশকে বলে দিচ্ছেন মুশতাক’

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
মুশতাক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
মুশতাক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মুশতাক আহমেদ বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন দুই বছর হতে চললো। এর মাঝে স্বল্প বিরতিতে ফ্র‍্যাঞ্চাইজি লিগ ও পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারেও (এনএইচপিসি) কাজ করেছেন কিংবদন্তি এই লেগ স্পিনার। এর আগে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিজ দেশ পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজ করা এই কোচকে নিয়ে গুরুতর এক অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল। পাকিস্থান দলের ভেতরের তথ্য মুশতাক বাংলাদেশকে দিচ্ছেন বলে অভিযোগ তার।

পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা স্পিনার বলা হয় মুশতাককে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাড়ে তিনশ উইকেটের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ১৪০০র বেশি উইকেট। ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত বিভিন্ন মেয়াদে পাকিস্তান দলের সাথে কাজ করার পর এখন আর সরাসরি পাকিস্তান জাতীয় দলের সাথে যুক্ত নন তিনি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অধীনে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে খন্ডকালীন দায়িত্বে কাজ করেছেন তিনি।

‎মুশতাক বাংলাদেশ দলের সাথে কাজ করার বিষয়টি শুরু থেকেই ভালোভাবে নিতে পারেননি পাকিস্তানের সাবেক ব্যাটার ফয়সাল। ২০২৫ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের সময় মুশতাককে বাংলাদেশের ড্রেসিংরুমে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। তখনই মুশতাকের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মুশতাকের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

‎পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে মুশতাকের অস্বাভাবিক চুক্তির বিষয়টিও সামনে আনেন তিনি। বাংলাদেশের মাটিতে টানা দুই টেস্টে পাকিস্তানের নাস্তানাবুদ হবার পর আবারও সেই বিষয়টি সামনে আনলেন ফয়সাল। তার দাবী, পাকিস্তানের ভেতরের খবর বাংলাদেশকে দিয়ে তাদের সাহায্য করছেন মুশতাক।

‎সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফয়সাল লেখেন, 'মুশতাক আহমেদ প্রায় ১২ বছর ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে বিভিন্ন কোচিং ভূমিকায় কাজ করছেন। বেশিরভাগ সময়ই তিনি স্পিন বোলিং কোচ ছিলেন। কিন্তু এতদিনে পাকিস্তান ক্রিকেট কী উন্নতি বা ফল পেয়েছে? মুশতাক আহমেদ এখন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছেন, আর চলমান সিরিজে পাকিস্তানের বিপক্ষে ভেতরের তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ উঠছে।'

‎‎মুশতাকের সাথে পিসিবির চুক্তিকে জনসনক্ষে আনার দাবিও জানান ফয়সাল। তিনি মনে করেন, মুশতাকের এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে বিরাট অন্যায় করছে পিসিবি। পাশাপাশি পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে জবাবদিহি করার দাবি ফয়সালের।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'মুশতাক আহমেদের সঙ্গে পিসিবির এমন এক ‘বিশেষ’ চুক্তি রয়েছে, যা জনসমক্ষে আনা উচিত। জানতে হবে—পিসিবির কোন কর্মকর্তা এমন চুক্তি করেছেন, যেটা পাকিস্তান ক্রিকেটের বাস্তব কোনো উপকারেই আসছে না। আমাদের ছেলেদের সঙ্গে এটা একেবারেই অন্যায়! এটা কেমন ধরনের চাকরির চুক্তি? এর জবাবদিহি করবে কে? পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। অনেক হয়েছে! এটা অন্য সবার প্রতিও অন্যায়।'

আরো পড়ুন: