দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও ছন্দে নেই। সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহ ও তিলক ভার্মারা প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে পারছেন না। নয়টি ম্যাচে মাত্র দুটি জয় পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
এই অবস্থায় দলের পাশে দাঁড়িয়েছেন কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, 'আমার মনে হয় না সূর্যকুমারের পারফরম্যান্সে কোনো ঘাটতি আছে। সে যে কোনো দিন বড় রান করতে পারে এবং খুব দ্রুত ছন্দে ফিরবে।'
তিনি আরও বলেন, 'চেন্নাইয়ের বিপক্ষে শুরুটা সে ভালোই করেছিল। কিছু ভালো শট খেলেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বল সরাসরি রক্ষণের হাতে গেছে। আর একটু সময় পেলে বড় রান হয়ে যেত।'
তিলককে নিয়েও আস্থা রাখছেন জয়বর্ধনে। তার ভাষায়, 'তিলক এখনো শিখছে। তাকে বিভিন্ন দায়িত্ব দেয়া হচ্ছে এবং সে সেগুলো পালন করছে। যত বেশি খেলবে, তত পরিস্থিতি বুঝতে পারবে এবং সিদ্ধান্ত নিতে পারবে।'
বোলিং নিয়েও প্রশ্ন উঠলেও বুমরাহকে নিয়ে চিন্তিত নন কোচ। তিনি বলেন, 'এটা শুধু বুমরাহর বিষয় নয়, পুরো বোলিং বিভাগের দায়িত্ব রয়েছে। সবাই মিলে চেষ্টা করলে উইকেট আসবে এবং সে আরও আক্রমণাত্মক হতে পারবে।'
সব মিলিয়ে দল খারাপ সময়ের মধ্যে থাকলেও কোচের বিশ্বাস, খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ঘুরে দাঁড়াতে পারবে। তাঁর মতে, দক্ষতা স্থায়ী, তাই সময়ের সঙ্গে ফলও বদলাবে।