ভারতের বিপক্ষে ‘প্রথম ফাইনালের’ অপেক্ষায় হোপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
আইসিসি
আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টানা পাঁচ ম্যাচ জয়ের পর প্রথম হারেই অনিশ্চয়তার মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আশার জায়গা ছাড়ছেন না অধিনায়ক শাই হোপ। সুপার এইটের শেষ ম্যাচে ভারতকে হারাতে পারলেই সেমি ফাইনালে উঠবে ক্যারিবিয়ানরা। তাই সেই ম্যাচটিকেই এখন ফাইনাল হিসেবে দেখছেন তিনি।

গ্রুপ পর্বে চার ম্যাচেই জয়ের পর সুপার এইট শুরুতে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় তারা। বৃহস্পতিবার আহমেদাবাদে সাউথ আফ্রিকার বিপক্ষে ১৭৬ রান করেও ৯ উইকেটে হেরে যায় ক্যারিবিয়ানরা।

পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারানোর পর ৮৩ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকেই দলকে টেনে তোলেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। অষ্টম উইকেটে তারা গড়েন ৫৭ বলে ৮৯ রানের জুটি, যা এই উইকেটে দলের ইনিংসকে সম্মানজনক জায়গায় নিয়ে যায়।

এমন ভালো উইকেটে বড় রান তুলতে না পেরে হতাশ হোপ। তিনি বলেন, 'এত ভালো উইকেটে যখন খেলা হয়, স্কোরবোর্ডে বড় রান থাকা জরুরি। কিন্তু পাওয়ার প্লেতে এত উইকেট হারিয়েই আমরা পেছনে পড়ে গেছি। খুবই ভালো উইকেট ছিল এবং ৪০-৫০ রানের ঘাটতি ছিল আমাদের।'

যদিও নিচের দিকের ব্যাটারদের প্রশংসা করে হোপ বলেন, 'পরের দিকের ব্যাটসম্যানদের প্রশংসা করতেই হবে আমাদের। ওদের কারণেই কিছুটা লড়াইয়ের সুযোগ পেয়েছি আমরা। টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে কিছু উকেট নিতে পারলে… কে জানে, হয়তো অন্যরকম হতেও পারত। বোলিংয়ে সেটি পারিনি আমরা। তবে যেখানে কৃতিত্ব প্রাপ্য, সেখানে দিতেই হবে। জেসন (হোল্ডার) ও শেপি (শেফার্ড) সত্যিই ভালো খেলে আমাদেরকে লড়াইয়ের রসদ দিয়েছিল কিছুটা।'

ওয়েস্ট ইন্ডিজের এই হারের পরদিনই চেন্নাইয়ে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ফলে সুপার এইটের শেষ ম্যাচটি রীতিমতো নকআউটে পরিণত হয়েছে। রোববার কলকাতায় মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। যে দল জিতবে, তারাই খেলবে সেমি ফাইনালে। আশা হারাচ্ছেন না হোপ। তিনি মনে করেন বড় টুর্নামেন্টে সবকিছু কখনও সহজে আসে না।

তাই চ্যালেঞ্জের মুখে সাফল্য খোঁজার ইঙ্গিত দিয়ে ক্যারিবিয়ান দলপতি বলেন, 'সবকিছু খুব সহজে আসবে না। নিজেদের চ্যালেঞ্জগুলো জয়ের পথ খুঁজে নিতে হবে আমাদের। যেভাবে আমরা খেলছি… হ্যাঁ, একটি পরাজয় আসতেই পারে, কখনও কখনও টুর্নামেন্টের মূল সময়ের আগেই সেই পরাজয় চলে আসা ভালো।'

হোপ আরও বলেন, 'এখন আমরা জানি পরের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ এবং এটাও গুরুত্বপূর্ণ যে, আমরা যেন এই ম্যাচে নিজেদের মেলে ধরা নিশ্চিত করতে পারি। এই ম্যাচটিকে ফাইনাল হিসেবে দেখতে হবে আমাদের, এটি প্রথম ফাইনাল এবং আশা করি, এরপর আরও দুটি ফাইনাল পাব।'

আরো পড়ুন: