বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট লিখেছেন মালিঙ্গা। সেখানে তিনি তুলে ধরেছেন শ্রীলঙ্কার ক্রিকেটের অতীত ও বর্তমান। শ্রীলঙ্কা দল আবারও ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতবে বলেও মনে করেন তিনি। মালিঙ্গ স্মরণ করেছেন ১৯৯৬ বিশ্বকাপ জয়ের কীর্তিকেও।
মালিঙ্গা লিখেছেন, '১৯৯৬ সালে আমাদের দেশ প্রথম বিশ্বকাপ জেতার দিন থেকে শুরু করে পরে টানা চারটি বিশ্বকাপের ফাইনালে গিয়ে হারের সময় পর্যন্ত অনেকেই হয়তো খেলাটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারতেন। কিন্তু যারা বিশ্বাস করেছিলেন আমার দেশ আবারও বিশ্বকাপ জিততে পারে, তারা ২০১৪ সাল পর্যন্ত ১৮ বছর ধরে কষ্ট, দুঃখ, সমালোচনা সহ্য করেও খেলোয়াড়দের সমর্থন করে গেছেন। সেই ধৈর্যের কারণেই আমরা ২০১৪ সালে জিততে পেরেছিলাম।'
সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে শ্রীলঙ্কা। পরবর্তীতে কয়েকটি বিশ্বকাপে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেনি তারা। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধন, লাসিথ মালিঙ্গাদের অবসরের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি শ্রীলঙ্কা। সেই সঙ্গে গত এক যুগ ধরে আবারও বিশ্বকাপ শূন্য শ্রীলঙ্কা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শ্রীলঙ্কার আবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখেন এই সাবেক তারকা পেসার।
তিনি বলেন, 'তাই আরেকটি বিশ্বকাপ আমরা জিততে পারব না, এমন কোনো কারণ নেই। এখন ১২ বছর হয়ে গেছে। কিন্তু এখনও অনেক মানুষ আছেন যারা খেলাটিকে বোঝেন এবং ভালোবাসেন। আমিও তাদের মতোই আছি, আমরা পরের বিশ্বকাপ জেতা পর্যন্ত খেলাটির সঙ্গেই থাকব।'
সবশেষে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মালিঙ্গা লিখেছেন, 'হাল ছেড়ে দেয়া কখনোই খেলাটির সমাধান নয়।'