২০২৭ বিশ্বকাপ শুরু ৪ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর

বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথমবারের মতো ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। যেখানে আয়োজন হিসেবে থাকছে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ২০২৭ সালের বিশ্বকাপের সম্ভাব্য সূচি অনুযায়ী টুর্নামেন্টটি শুরু হবে ৪ অক্টোবর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। মে মাসে আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই সময়সূচি নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

চূড়ান্ত অনুমোদন আসতে পারে জুলাইয়ে এডিনবার্গে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। ক্রিকইনফোর প্রতিবেদন মতে ৫৪ ম্যাচের এই বিশ্বকাপের অন্তত ৪১টি ম্যাচ আয়োজন করবে সাউথ আফ্রিকা। জিম্বাবুয়ের ভাগে পড়তে পারে ৮ থেকে ১০টি ম্যাচ, আর নামিবিয়া আয়োজন করবে তিনটি ম্যাচ।

জিম্বাবুয়ের জন্য বড় সুখবর হলো, বিশ্বকাপে দেশটি তিনটি ভেন্যু ব্যবহার করতে যাচ্ছে। হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে ভিক্টোরিয়া ফলসের নতুন স্টেডিয়াম। চলতি বছরের শেষ দিকে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা। আগামী মে মাসে আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সেখানে ঘরোয়া ক্রিকেটও আয়োজনের পরিকল্পনা রয়েছে।

২০০৩ সালের পর এই প্রথম আফ্রিকায় ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। যদিও এর মধ্যে সাউথ আফ্রিকা ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে। অন্যদিকে জিম্বাবুয়ে ও নামিবিয়া সম্প্রতি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছে।

আগের দুই আসরে ১০ দল অংশ নিলেও ২০২৭ বিশ্বকাপে ফিরছে ১৪ দলের ফরম্যাট। দলগুলোকে সাতটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্স পর্বে। পূর্ণ সদস্য হওয়ায় সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। তবে নামিবিয়াকে বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিতে হবে।

আরো পড়ুন: