শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ
ওয়েস্ট ইন্ডিজ, ফাইল ফটো
ওয়েস্ট ইন্ডিজ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৩ থেকে ৮ জুন পর্যন্ত জ্যামাইকার সাবাইনা পার্কে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৭ আইসিসি বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সিরিজ মহাগুরুত্বপূর্ণ। র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ থেকে ১০ পয়েন্ট পেছনে থেকে দশ নম্বরে আছে ক্যারিবিয়ানরা। সরাসরি বিশ্বকাপ খেলতে বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী সেরা ৯ দলে থাকতে হবে তাদের।

পিঠের চোট থেকে সেরে উঠে প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার আলজারি জোসেফ। ২০২৫ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন। এ ছাড়া গত নভেম্বরে নিউজিল্যান্ড সফর মিস করা বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতিও দলে জায়গা ফিরে পেয়েছেন।

শামার জোসেফ ও জেইডেন সিলসও স্কোয়াডে রয়েছেন। দলে ফিরেছেন ব্যাটার শিমরন হেটমায়ার। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিনি।

বিশ্বকাপে হেটমায়ার ৪১.৩৩ গড়ে ও ১৮৬.৪৬ স্ট্রাইক রেটে ২৪৮ রান করেন। সর্বশেষ গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এরপর পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজগুলোতে দলে ছিলেন না। তবে তৃতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দেবেন এই বাঁহাতি ব্যাটার।

অন্যদিকে, গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে থাকা অ্যালিক আথানেজ, জোহান লেইন, খারি পিয়েরে ও রোমারিও শেফার্ড এবারের দলে জায়গা পাননি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা ক্যারিবিয়ানরা একই অবস্থানে থাকলে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না। স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

ঘরের বাইরে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স হতাশাজনক। সর্বশেষ ছয় ওয়ানডের মধ্যে পাঁচটিতেই হেরেছে তারা। তবে ক্যারিবীয় কন্ডিশনে দলটি দারুণ ছন্দে রয়েছে। ২০২৩ সাল থেকে নিজেদের মাঠে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা।

ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), আকিম অগাস্টে, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জ্যাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুড়াকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও শামার স্প্রিঙ্গার।

আরো পড়ুন: