এই পেসার ৪১ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ভাগ্য সহায় থাকলে নিতে পারতেন ৫ উইকেটও। ম্যাচ জুড়েই নাহিদের পেস বাউন্সে নাকাল হয়েছেন অজি ব্যাটাররা। সংবাদ সম্মেলনে এসে নাহিদ রানার একগাদা প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। এমনকি তাকে বিগ ব্যাশে খেলারও আমন্ত্রণ জানিয়ে রেখেছেন তিনি। ক্যারি বিগ ব্যাশে খেলেন অ্যাডিলেড স্টাইকার্সে। সেই দলে চাইলে নাহিদও খেলতে পারেন বলে মন্তব্য করেছেন ক্যারি।
সংবাদ সম্মেলনে নাহিদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, 'আমার মনে হয় ওর গতি আছে এবং স্পষ্টভাবেই বাউন্স রয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটগুলোতেও বেশ বাউন্স থাকে। না, ওর মাঝে পছন্দ করার মতো অনেক প্রতিভা রয়েছে, নিশ্চিতভাবেই। ও চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে আসতেই পারে।'
নাহিদযে গতির ঝড় তুলবেন সেটা আগে থেকেই জানতেন অজি ব্যাটাররা। তবে মুখোমুখি হওয়ার আগে তারা খুব বেশি বুঝতে পারেননি নাহিদ কতটা ভয়ঙ্কর হতে পারেন। এই বিষয়টি সংবাদ সম্মেলনে স্বীকার করে নিয়েছেন ক্যারি নিজেই। সিরিজের বাকি দুই ম্যাচে নাহিদকে কীভাবে আটকে রাখা যায় তারই ছক কষছে অস্ট্রেলিয়া।
ক্যারি বলেছেন, 'ও দারুণ বোলিং করেছে। আমার মনে হয় আমরা সবাই ওর গতি সম্পর্কে জানতাম, তবে নিজে মুখোমুখি না হওয়া পর্যন্ত সেটি পুরোপুরি বোঝা যায় না। ও বেশ দীর্ঘদেহী একজন অ্যাথলেট এবং উইকেট থেকে কিছুটা বাউন্সও পাচ্ছিল। তাই আমি বলব, ও সত্যিই খুব ভালো বোলিং করেছে। আগামী বৃহস্পতিবার এবং রবিবার এখানে পরের দুটি ওয়ানডেতে আমাদের ওর বিরুদ্ধে খেলার সুযোগ রয়েছে এবং আশা করি এখন থেকে আমরা ওকে সিরিজের বাকি ম্যাচগুলোতে আটকে রাখতে পারব।'
সিরিজ শুরুর আগে নাহিদের হাইলাইটস ও ভিডিওই ভরসা ছিল অজিদের। নাহিদ প্রথম স্পেলে বোলিং করতে এসে উইকেট নিলেও দ্বিতীয় স্পেলে নাহিদ ছিলেন এক কথায় অপ্রতিরোধ্য। অজি ব্যাটাররা তাকে চড়াও হওয়া থেকে আটকাতে পারেননি বলে জানিয়েছেন ক্যারি। আগামী ম্যাচে নাহিদকে এতটা ধ্বংসাত্মক হতে দেবে না অজিরা।
তিনি যোগ করেন, 'আমরা ওর হাইলাইটস এবং বোলিংয়ের ভিডিও দেখেছি। ও যখন দ্বিতীয় স্পেলে ফিরে এসেছিল, আমরা জানতাম কী হতে যাচ্ছে। আমরা কেবল ওকে ম্যাচের ওপর প্রভাব বিস্তার করা থেকে আটকাতে পারিনি। তবে একজন ফাস্ট বোলারের কাছ থেকে এমন আগ্রাসী মনোভাব আপনি প্রত্যাশা করতেই পারেন। তাই আমি যেমনটা কয়েকবার বলেছি, আশা করি আমরা সামনে এটি পরিবর্তন করতে পারব এবং আগামী ম্যাচগুলোতে ওর এই ধারা বজায় রাখা রুখে দিতে পারব।'