বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বরাবর পাঠানো পদত্যাগপত্রে সীমান্ত লিখেছেন, ‘আপনি নিশ্চয় অবগত আছেন, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছি।’
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি চিঠিতে উল্লেখ করেন, ‘বর্তমানে আমার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক সকল ব্যবসা আমার উপর ন্যস্ত থাকায় এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে যথাযথ ভূমিকা রাখা সম্ভব হবে না বিধায় ব্যবসায়িক ব্যস্ততার কারণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।’
মীর সীমান্ত ক্ষমতাসীন বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। মীর শাহে আলম নতুন দায়িত্ব নেওয়ার পর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ও লিমিটেড কম্পানির শেয়ারসহ সার্বিক দায়িত্ব পালন করছেন তার ছেলে সীমান্ত। এদিকে ৮ জুন তারিখে জমা দেওয়া এই পদত্যাগপত্র ইতোমধ্যে বিসিবি কার্যালয়ে গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে। এই বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।
গত ৭ জুন অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরি থেকে বেশ কয়েকজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সেই তালিকায় ছিলেন মীর শাকরুল আলম সীমান্তও। নির্বাচনের একদিন পরই তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নতুন বোর্ডে আলোচনার জন্ম দিয়েছে।