ডিপিএলের শেষ রাউন্ডের সূচিতে পরিবর্তন

ডিপিএল
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের সূচিতে পরিবর্তন এনেছে বিসিবির ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম)। শেষ রাউন্ডের ম্যাচগুলোর ফলাফলের ওপরই নির্ধারিত হবে কারা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন। তাই অংশগ্রহণকারী দল, সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আগের সূচি অনুযায়ী ম্যাচগুলো ১১ জুন হওয়ার কথা ছিল। তবে ওই দিন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই দিনে ডিপিএলের ম্যাচ আয়োজন করলে দর্শকসংখ্যা ও সামগ্রিক প্রচার-প্রচারণা কমে যাওয়ার আশঙ্কা ছিল। এ কারণেই ম্যাচগুলো ১২ জুনে সরিয়ে নেয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১২ জুন ডিপিএলের ১১তম রাউন্ডের খেলা মাঠে গড়বে। বরাবরের মতো এদিনে সব ম্যাচও শুরু হবে সকাল ৯টায়। শেষ রাউন্ডের সবচেয়ে জমজমাট ম্যাচে মুখোমুখি হবে ঢাকার ঐতিহ্যবাহী দুই দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বিকেএসপি ৩ নম্বর মাঠে হবে ম্যাচটি।

একই দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। ম্যাচটি হবে ইউল্যাব মাঠে। এদিন লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ রাখা হয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে। যদিও দলটি ক্রিকেটারা আগের ম্যাচদুটি বয়কট করেছে পাওনা পরিশোধ না করায়।

ফলে দুই রাউন্ডেই ওয়াক ওভার পেয়েছে তাদের প্রতিপক্ষ দুই দল। একইভাবে ১১তম রাউন্ডে ওয়াকওভার পাচ্ছে রূপগঞ্জ। এদিকে পিকেএসপির ২ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

অন্যদিকে বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে। দিনের শেষ ম্যাচে বিকেএসপি ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস। ১৩ জুন রাখা হয়েছে রিজার্ভ ডে।

আরো পড়ুন: