ভারতে দুটি দল আটকে থাকায় ভনের কাঠগড়ায় আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। টুর্নামেন্টের বেশিরভাগ দল বিদায় নিলেও কিছু দল এখনও ভারতেই আটকে রয়েছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা দল দেশে ফিরতে না পারায় প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অনেক আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বেশ কিছু ফ্লাইট সাধারণত দুবাই হয়ে চলাচল করলেও বর্তমানে সেই রুটও সীমিত। ফলে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার মতো দলগুলোর ভ্রমণ পরিকল্পনায় জটিলতা তৈরি হয়েছে। তবে ইংল্যান্ড দল ইতোমধ্যেই চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছে।

এই পরিস্থিতি নিয়েই প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, একই অবস্থায় থেকেও সব দলের ক্ষেত্রে সমান ব্যবস্থা নেয়া হয়নি, 'ইংল্যান্ড বৃহস্পতিবার বাদ পড়েছে। আর আজই তারা চার্টার্ড ফ্লাইটে বাড়ি ফিরছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ গত রোববার বাদ পড়ে এখনো কলকাতায় আছে। সাউথ আফ্রিকাও একই অবস্থায় রয়েছে। এখানেই বোঝা যায় ক্ষমতার ভারসাম্য ঠিক নেই।'

টুর্নামেন্ট থেকে বিদায়ের পরও দুই দলের দেরিতে দেশে ফেরা নিয়ে সমালোচনা করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ ভারতের কাছে হেরে সুপার এইট থেকেই বিদায় নেয়। অন্যদিকে ৪ মার্চ নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শেষ হয় সাউথ আফ্রিকার।

ভন আরো বলেন, 'এমন পরিস্থিতিতে সব দলের সঙ্গে একই রকম আচরণ করা উচিত। শুধু আইসিসিতে ক্ষমতাশালী বলে আলাদা সুবিধা পাওয়া উচিত নয়।'

এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন সাউথ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি ককও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আইসিসির সমালোচনা করেন, 'আইসিসি মজা করছে আমাদের সঙ্গে। আমরা কিছুই জানি না। এদিকে, ইংল্যান্ড চলে যাচ্ছে আমাদের আগেই। ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা এখনো কিছুই জানে না। অদ্ভুত ব্যাপার হলো কিছু দল অন্যান্য দলের চেয়ে বেশি সুযোগ পাচ্ছে।'

সাউথ আফ্রিকার আরেক ক্রিকেটার ডেভিড মিলারও একই ধরনের হতাশা প্রকাশ করেছেন। তার মতে, আগে বিদায় নেয়া দলগুলোর এখনো ফেরার ব্যবস্থা না হওয়াটা অস্বাভাবিক, 'মজার ব্যাপার হলো, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার পর ইংল্যান্ড বাদ পড়ে আজ রাতেই একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছে। আর ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা এখনো কোনো উত্তর পায়নি।'

এদিকে জানা গেছে, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল সম্ভবত আগে জোহানেসবার্গে পৌঁছাবে। সেখান থেকে ক্যারিবীয় দল যাবে অ্যান্টিগায়। তবে যাত্রার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

আরো পড়ুন: