ফাইনালের আগে আপাপত ভাগ্যের দিকেই চেয়ে আছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্লেন ফিলিপ্স। বুমরাহর একটি বাজে দিনের অপেক্ষায় আছেন তারা। বিশ্বকাপের সেরা দশ উইকেট শিকারির তালিকায় না থাকলেও বল হাতে আঁটসাঁট বোলিং করে রীতিমতো প্রতিপক্ষকে চাপে রাখছেন বুমরাহ। এই বিশ্বকাপে তার ইকোনোমি মাত্র ৬.৬৩।
ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেকে তাকে অতিমানব বলেও আখ্যা দিয়েছেন। এমন পারফরম্যান্স শুধু এবারই নয়। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও প্রায় হারতে বসা ম্যাচ ঘুরিয়ে দিয়ে ভারতকে শিরোপা এনে দিয়েছিলেন এই পেসার। সেমি ফাইনালের আগে সুপার এইটের ডু অর ডাই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও মাত্র ৩৬ রানে ২ উইকেট শিকার করেছিলেন তিনি।
তাই ফাইনালের আগে বুমরাহকে নিয়ে সতর্ক ফিলিপ্স। এ প্রসঙ্গে ফিলিপ্স বলেন, 'বুমরাহ দারুণ একজন বোলার। তার হাতে দারুণ সব বৈচিত্র আছে। সে খুব ভালোভাবে ব্লক হোলে বল করতে পারে। কিন্তু আমরা সবাই জানি সেও একজন মানুষ। তাই আশা করছি আমরা তার বিরুদ্ধে ভালো একটা দিন কাটাব।'
সেমিফাইনালে হারলেও বুমরাহকে মোটামুটি ভালোভাবেই সামলে ২৫৪ রান প্রায় তাড়া করে ফেলেছিলো ইংল্যান্ড। সেখান থেকেও শিক্ষা নিতে চান ফিলিপ্স। বুমরাহর ভুলের সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবেন কিউইরা, ফাইনালের আগে সেই বার্তাই দিয়েছেন ফিলিপ্স।
তিনি যোগ করেন 'গতদিন ইংল্যান্ড তাকে যেভাবে সামলেছে, শেষ দুই ওভারে আক্রমণের পরিকল্পনা করে নিজেদের সুযোগ যতটা সম্ভব বাড়িয়ে নেবার জন্য। আমরাও সেটিই করব এমনটা নয়। একজন বোলার লাইন মিস করতেই পারে, তখন সেগুলোকে আমাদের কাজে লাগাতে পারতে হবে। সে যদি ভালো বলও করে তাহলে আমাদের সেটা সামলে নিয়ে ম্যাচে মানিয়ে নিতে হবে।'