বিসিবি একাদশে ডাক পেলেন মেহরব-অমিত

বাংলাদেশ ক্রিকেট
এসএম মেহরব
এসএম মেহরব
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রস্তুতির ঘাটতি কাটিয়ে উঠতে পাকিস্তান সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সেরা ক্রিকেটারদের বিপক্ষে ম্যাচটি খেলবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। বিসিবি একাদশের অধিনায়ক করা হয়েছে মিরাজকে। সেখানে সুযোগ পেয়েছেন এসএম মেহরব, রুয়েল মিয়া ও অমিত হাসানের মতো ক্রিকেটার।

দলের বাকি সদস্যরা পাকিস্তান সিরিজের মূল দলের অংশ। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে রাখা হয়েছে বোলিং আক্রমণে। স্পিন আক্রমণে আছেন রিশাদ হোসেন। পাকিস্তান সিরিজের দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার খেলবেন বিসিএল অল স্টার্স একাদশের হয়ে।

এর মধ্যে সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন ও স্পিনার তানভির ইসলাম আছেন বিসিএল অল স্টার্স স্কোয়াডেও। নাইম শেখের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে সৌম্যকে। তাদের বাইরে বিসিএলে ভালো করা মাহফিজুল ইসলাম রবিন, রিপন মণ্ডল, খালেদ আহমেদ, জিসান আলম ও আব্দুল গাফফার সাকলাইনরা আছেন স্কোয়াডে।

এ ছাড়া জাতীয় দলের হয়ে খেলা পারভেজ হোসেন ইমনকেও রাখা হয়েছে। বিসিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাট হাতে আলো ছড়িয়ে জায়গায় পেয়েছেন বিসিএল অল স্টার্স স্কোয়াডে। প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী। ৭ মার্চ দুপুর ২ টা ১৫ মিনিটে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) পাকিস্তান সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করার পুরস্কার হিসেবে দেড় বছর পর ওয়ানডে দলে ফেরানো হয়েছে আফিফ হোসেনকে। ছন্দে না থাকলেও মিডল অর্ডারের ভাবনায় লিটন দাসকে রাখা হয়েছে স্কোয়াডে। এ ছাড়া ওয়ানডে দলে ফেরানো হয়েছে দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি এবং নাসুম আহমেদ। চোট থেকে সেরে উঠতে না পারায় বিবেচনা করা হয়নি দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবকে। তবে গত বছরের শেষের দিকে ওয়ানডে দলে অভিষেক হওয়া অঙ্কন নিজের জায়গা ধরে রেখেছেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৯ মার্চ বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ১১, ১৩ এবং ১৫ মার্চ হবে সিরিজটি। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ম্যাচই দুপুর নাগাদ শুরু হবে। সিরিজ শুরুর আগে টিকেটের মূল্য তালিকাও প্রকাশ করেছে বিসিবি। যেখানে সর্বোচ্চ ২ হাজার ও সর্বনিম্ন ২০০ টাকায় বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখতে পারবেন দর্শকরা।

বিসিএল অল স্টার্স- আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভির ইসলাম, রিপন মণ্ডল, খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম এবং নাঈম হাসান।

বিসিবি একাদশ- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, অমিত হাসান, এসএম মেহরব, রুয়েল মিয়া।