নিউজিল্যান্ড যাচ্ছেন মার্করামরা, ওয়েস্ট ইন্ডিজের জন্য তৈরি বিশেষ বিমান

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল
সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গালফ অঞ্চলে আকাশপথে বিভিন্ন বিধিনিষেধ জারি হওয়ায় ভ্রমণ জটিলতায় পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা কয়েকটি দল। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পাঁচদিন ধরে কলকাতায় আটকে আছে।

ড্যারেন স্যামির শীষ্যদের জন্য একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হলেও এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। ফলে অপেক্ষায় থাকতে হচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের। জানা গেছে প্রয়োজনীয় অনুমতি মিললেই দলটি দেশে ফেরার জন্য রওনা দেবে। এদিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা দুই দলেরই দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে সাউথ আফ্রিকা দলের চার ক্রিকেটার শুক্রবার রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আগামী ১৫ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার অভিযান শেষ হয়েছে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নেয় ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সেই ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ক্যারিবীয়রা।

এদিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, দলকে দেশে ফেরানোর জন্য একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। বোর্ড, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের ভারত ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। তবে বিমান চলাচলের চূড়ান্ত অনুমোদনের ওপরই নির্ভর করছে যাত্রার সময়সূচি। বোর্ড আরও জানিয়েছে, পুরো দল নিরাপদ অবস্থায় রয়েছে এবং তাদের নিরাপদে ক্যারিবীয় অঞ্চলে ফিরিয়ে নিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পরিস্থিতির মধ্যে হতাশা প্রকাশ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, 'আমি শুধু বাড়ি যেতে চাই।' পরে চার্টার্ড ফ্লাইটের খবর পাওয়ার পর তিনি আরেকটি পোস্টে জানান, 'আপডেট পেয়েছি। আমাদের দল আসলে এটুকুই চেয়েছিল।'

ক্যারিবিয়ান দলের কয়েকজন ক্রিকেটার ভারতে থেকেই যেতে পারেন। কারণ চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে আইপিএল। এর মধ্যে রভম্যান পাওয়েল খেলেন কলকাতা নাইট রাইডার্সে, শেরফেন রাদারফোর্ড মুম্বাই ইন্ডিয়ান্সে, শিমরন হেটমেয়ার রাজস্থান রয়্যালসে এবং রোমারিও শেফার্ড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রয়েছেন। বেশ কয়েকটি দল এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। বাকিদের অনুশীলন শুরু হয়ে যাবে মার্চের মাঝামাঝি।

আরো পড়ুন: