ফাইনালে স্যামসনের সেঞ্চুরি চান অশ্বিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সাঞ্জু স্যামসন ও রবিচন্দ্রন অশ্বিন
সাঞ্জু স্যামসন ও রবিচন্দ্রন অশ্বিন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাঞ্জু স্যামসনকে নিয়ে রীতিমতো বাজি ধরেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্যামসন তিনটি সেঞ্চুরি হাঁকাবেন বলে ধারণা করেছিলেন অশ্বিন। তবে তার সেই আশা পূরণ হয়নি। ভারতের হয়ে এবারের বিশ্বকাপে তিনটি ম্যাচে সুযোগ পেয়েছেন স্যামসন।

এর মধ্যে দুটিতেই খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। তবে অল্পের জন্য দুই ম্যাচের সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন স্যামসন। এই উইকেটরক্ষক ব্যাটারের নৈপুণ্যে এবার বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। এবার ফাইনালে স্যামসনের ব্যাট থেকে সেঞ্চুরি চান অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে স্যামসনকে নিয়ে অশ্বিন বলেন, 'আগে আমি বলেছিলাম যে, এবারের বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করবে স্যামসন। এক ম্যাচে সে অপরাজিত ৯৭ করেছে, পরেরটিতে ৮৯। এখন আমার মনে হয়, একটি সেঞ্চুরি করলেই যথেষ্ট!'

সেমি ফাইনালে ব্যাট হাতে ইংলিশ বোলারদের শাসন করেছেন স্যামসন। বিশেষ করে জফরা আর্চারের বিরুদ্ধে বেশ সাবলীল ব্যাটিং করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাট হেনরি-মিচেল স্যান্টনারদের বিপক্ষে এই ধারা অব্যাহত রাখতে পারলে স্যামসনকে কেউ আটকাতে পারবেন না বলে মনে করেন অশ্বিন।

তিনি বলেন, 'নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং মিচেল স্যান্টনার, ম্যাট হেনরির সামনে খুব ভালো দ্বিপাক্ষিক সিরিজ কাটাতে পারেনি সে। তবে জফরা আর্চারের জবাব যেভাবে সে বের করেছে, সেভাবে যদি ম্যাট হেনরির জবাবও খুঁজে পায়, তাহলে তাকে থামানোর কেউ নেই। আমরা চোখধাঁধানো এক শেষের অপেক্ষায় আছি এবং আশা করি সে পারবে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই ওপেনিংয়ে ভারতের ভরসা ছিলেন অভিষেক শর্মা ও ইশান কিশান। টানা তিন ডাক মারার পরও অভিষেকের ওপর আস্থা হারায়নি ভারতের টিম ম্যানেজমেন্ট। তবে টুর্নামেন্টের শেষে রিঙ্কু সিংয়ের বদলি হিসেবে সুযোগ পেয়েই বাজিমাৎ করেছেন স্যামসন। ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে স্যামসন করেছেন ৪২ বলে ৮৯ রান, কোয়ার্টার-ফাইনালে পরিণত হওয়া সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন ৫০ বলে অপরাজিত ৯৭।

আরো পড়ুন: