তাদের না থাকাকে সুযোগ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড পেসার ইশ সোধি। তবে রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইনদের বিপক্ষে খেলার কোনো অভিজ্ঞতা নেই কোনো কিউই ব্যাটারের। বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। সোধি প্রশংসায় ভাসিয়েছেন নাহিদের। তিনি এশিয়ান কন্ডিশনে এমন বোলার আর দেখেননি বলেও স্বীকার করেছেন।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সোধি বলেন, 'আমি মনে করি বাংলাদেশের পেসাররা সত্যিই খুব অসাধারণ। তারা যেভাবে বোলিং করেছে, তা বিশ্বের যেকোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে পারতো। আমি নাহিদ রানাকে আগে বোলিং করতে দেখিনি, কিন্তু ১০ ওভার জুড়ে সে তার পেস ধরে রেখেছিল। এশিয়ান কন্ডিশনে আমি খুব কম আন্তর্জাতিক বোলারকে এমনটা করতে দেখেছি।'
ওয়ানডে সিরিজের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা নিয়ে সোধি যোগ করেন, 'এটি বেশ চ্যালেঞ্জিং এবং আমাদের ব্যাটারদের কাছ থেকে কিছু ভালো ব্যক্তিগত পারফরম্যান্স এবং একটি জয় পাওয়া আমাদের জন্য ইতিবাচক। তবে এই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল কিছুটা আলাদা হতে পারে। এখানে এমন কিছু পেসার থাকতে পারে যাদের আমরা আগে দেখিনি। তাই গত ওয়ানডে সিরিজে আমরা হাই কোয়ালিটি সিমারদের বিপক্ষে যা শিখেছি, তা টি-টোয়েন্টি সিরিজে কাজে লাগানোর চেষ্টা করব।'
শুধু বাংলাদেশ নয়, যেকোনো দেশের জন্যই নাহিদের মতো বোলার না থাকা বড় শূন্যতা, এমনটাই মনে করেন সোধি। পাশাপাশি তিনি মনে করেন বাংলাদেশের অপরিচিত ক্রিকেটারদের বিপক্ষে মাঠে নামা ভিন্ন চ্যালেঞ্জ হবে কিউই ব্যাটারদের জন্য। তাদের বিপক্ষে আগে না খেলায় আগে থেকেই পরিকল্পনা সাজানোর সুযোগ নেই বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, 'যেমনটি আমি বললাম, গত সিরিজে মুস্তাফিজ এবং নাহিদ রানা যেভাবে বোলিং করেছে, তাদের অনুপস্থিতি অবশ্যই ভিন্ন চ্যালেঞ্জ তৈরি করবে। তবে অনেক কিছু অজানা থেকে যায়। যখন আপনি কোনো খেলোয়াড়কে কয়েকবার দেখেন, তখন আপনি তার বিরুদ্ধে পরিকল্পনা করতে পারেন। কিন্তু এখন এটি একটি নতুন দল এবং নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তবে মুস্তাফিজের মতো বিশ্বমানের খেলোয়াড় বা নাহিদ রানা যেভাবে বোলিং করছে, তাদের অনুপস্থিতি যেকোনো দলেই একটি বড় শূন্যতা তৈরি করে।'