বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, ম্যাচ শুরু দেড়টায়

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
আইসিসি
আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সবশেষ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের বাংলাদেশ দলে ছিলেন না তাজ নেহার। তবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন তিনি। যদিও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে তাজ নেহারকে। এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের জানুয়ারিতে নেপালে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবগুলো ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেটও পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। জানুয়ারির পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা।

সেই স্কোয়াড থেকে তেমন কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। বলার মতো পরিবর্তন বলতে শারমিন সুলতানা। গত বাছাইপর্বে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে শ্রীলঙ্কা সিরিজের মূল স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এ ছাড়া বাকি সবাই নেপালে হওয়া সেই টুর্নামেন্টের দলে ছিলেন।

স্ট্যান্ডবাই ক্রিকেটারদের তালিকায় অবশ্য পরিবর্তন এসেছে। ফারজানা ইয়াসমিন ও শরিফা খাতুন নিজেদের জায়গা ধরে রেখেছেন। তবে বাদ পড়েছেন ফাতেমা জাহান ও হাবিবা ইসলাম পিংকি। নতুন করে স্ট্যান্ডবাই তালিকায় যুক্ত হয়েছেন ফারজানা হক ও তাজ নেহার।

ওয়ানডে সিরিজ রাজশাহীতে হলেও টি-টোয়েন্টির সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২৮ এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই টি-টোয়েন্টি হবে ৩০ এপ্রিল ও ২ মে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়। যদিও শুরুতে ম্যাচগুলো সন্ধ্যা ছয়টায় শুরুর কথা ছিল। তবে জ্বালানি সাশ্রয়ের জন্য ম্যাচের সময় সূচি পরিবর্তন করেছে বিসিবি।

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল— নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।

স্ট্যান্ড বাই— ফারজানা হক, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজ নেহার।

আরো পড়ুন: