গত বুধবার (২২ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেখানে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ১৭ তম ওভারে বল করছিলেন নাহিদা। ৪০ রানে অপরাজিত শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তুকে বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। এরপর আতাপাত্তুকে উদ্দেশ্য করে ড্রেসিংরুমে ফিরে যেতে নির্দেশ করতে দেখা যায় তাকে।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করছিল বাংলাদেশ। ১৬ তম ওভারে ২৫ রানে ব্যাট করার সময় আতাপাত্তু বলে লেগ বিফোরের শিকার হয়েছিলেন শারমিন। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না তিনি। বল তার প্যাডে আঘাত করার আগে ব্যাটে লেগেছে বলে বারবার ইঙ্গিত করতে দেখা যায় তাকে।
আম্পায়ারের দিকে তাকিয়ে বারবার নিজের অসন্তোষও প্রকাশও করেন এই ব্যাটার। আউট হবার পরেও দীর্ঘক্ষণ ধরে ক্রিজে দাঁড়িয়ে থেকে পরে মাঠ ছাড়েন শারমিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, নাহিদা আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন।
এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন কোনো ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না যা অবমাননাকর বা প্রতিপক্ষকের সেই ব্যাটারকে উসকে দিতে পারে। অন্যদিকে শারমিন ভেঙেছেন ২.৮ ধারা,যেটি আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত। জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে দুই খেলোয়াড়ের নামের পাশে।
গত ২৪ মাসে তাদের কোনো পূর্ব অপরাধ বা নামের সাথে ডিমেরিট পয়েন্ট না থাকায় এ যাত্রায় নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেছেন তারা। দুইজনই অপরাধ স্বীকার করেছেন ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের কাছে। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসি কর্তৃক প্রদত্ত শাস্তিও মেনে নিয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার।