রিশাদ ড্রপ হয়নি, আমরা অন্যদের দেখতে চেয়েছিলাম: মুশতাক

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
রিশাদ হোসেন ও মুশতাক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
রিশাদ হোসেন ও মুশতাক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলেননি রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে না খেলানোয় কিছুটা সমালোচিত হতে হয়েছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। যদিও রিশাদকে সেই ম্যাচে কেবলই বিশ্রাম দেয়া হয়েছে দাবি মুশতাক আহমেদের।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৪৪ রান খরচায় দুই উইকেট নিয়েছিলেন রিশাদ। তবে দ্বিতীয় ওয়ানডেতে মিরাজ তাকে দিয়ে মাত্র পাঁচ ওভার বোলিং করান। সেই পাঁচ ওভারে ২১ রান খরচায় এক উইকেট নেন রিশাদ।

দারুণ পারফরম্যান্সের পর তৃতীয় ওয়ানডেতে একাদশে জায়গাই হয়নি তার। এই স্পিনারের জায়গায় তানভীর আহমেদকে খেলায় ম্যানেজমেন্ট। যদিও পুরো বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই দেখছেন মুশতাক। ওয়ানডে বিশ্বকাপের আগে বেঞ্চের শক্তি পরীক্ষা করানোর পক্ষে টাইগারদের স্পিন বোলিং কোচ।

মুশতাক বলেন, 'এটা রিশাদের শেখার প্রক্রিয়ারই একটা অংশ। একজন খেলোয়াড় যখন বাইরে বসে থাকে, তখন তার মানসিকতা কেমন থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট মূলত মেজাজ এবং মানসিকতার খেলা। দক্ষতা আপনাকে এই পর্যায়ে নিয়ে আসবে, কিন্তু টিকে থাকতে হলে শক্তিশালী মানসিকতা প্রয়োজন।'

'কোচ হিসেবে আমার দায়িত্ব তাকে মানসিকভাবে ঠিক রাখা। আসলে রিশাদ ড্রপ হয়নি, বরং আমরা অন্য স্পিনারদের পরখ করে দেখতে চেয়েছিলাম যাতে বিশ্বকাপের আগে আমাদের গভীরতা তৈরি হয়। কোচ হিসেবে এটাই আমাদের কাজ।'

রিশাদের পেছনে গত কয়েক বছর ছায়ার মতো লেগে আছেন মুশতাক। নানান সময়ে স্পিনে তাকে দীক্ষা দিচ্ছেন পাকিস্তানের সাবেক এই স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেও রিশাদকে ঝালিয়ে নিচ্ছেন মুশতাক। তার গুগলিগুলোকে করছেন আরো বেশি নিখুঁত।

মুশতাক আরো বলেন, 'রিশাদকে নিয়ে মূলত বিভিন্ন ধরনের ভেরিয়েশন (বৈচিত্র্য) নিয়ে কাজ করছি। বিশেষ করে উইকেটের ব্যবহার এবং তার গুগলিগুলো আরও উন্নত করার চেষ্টা করছি। গুগলির অ্যাঙ্গেল বা কোণটা কেমন হবে, ডানহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে স্টাম্পের কতটা কাছ থেকে বা দূর থেকে বল করতে হবে- এসব বিষয় গুরুত্বপূর্ণ।'

'আমি সবসময় একটা কথা বলি, 'রিপিটেবল অ্যাকশন' বা একই ধরনের অ্যাকশন বারবার বজায় রাখা একজন লেগ স্পিনারের জন্য খুব জরুরি। কারণ লেগ স্পিনাররা অনেক সময় খরুচে হয়ে যায়। আমরা চাই সে কেবল একটা ভালো বল নয়, বরং পুরো একটা ভালো ওভার করার দক্ষতা অর্জন করুক। রিশাদ আগের চেয়ে অনেক উন্নতি করেছে।'

আরো পড়ুন: