ফ্র্যাঞ্চাইজি লিগে আলো ছড়ানো রিশাদকে টেস্টেও দেখতে চান সোধি

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
রিশাদ হোসেন ও ইস সোধি
রিশাদ হোসেন ও ইস সোধি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের স্পিন আক্রমণে এখন অন্যতম ভরসার নাম রিশাদ হোসেন। প্রতিপক্ষ দলগুলো এখন এই স্পিনারের বিরুদ্ধে খেলতে নামার আগে বাড়তি পরিকল্পনা নিয়ে মাঠে নামে। রিশাদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। পাশাপাশি বিগ ব্যাশ, পিএসএলেও পারফরম্যান্স করে নজর কেড়েছেন সবার।

এই সবই চোখে পড়েছে নিউজিল্যান্ডের স্পিনার ইস সোধির। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে রিশাদকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি। রিশাদের আলোকিত বিগ ব্যাশ অভিষেকেরও প্রশংসা করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে খেললেও এখনো টেস্টে রিশাদকে দেখা যায়নি। এই বাংলাদেশি লেগ স্পিনার সব বাধা পেরিয়ে টেস্টেও নিয়মিত খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এ প্রসঙ্গে সোধি বলেন, 'সে সত্যিই খুব ভালো করছে। সে অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশ এ এতো ভালো বোলিং করেছে, যা প্রমাণ করে সে একজন ভার্সেটাইল স্পিন বোলার। অনেক সময় এশিয়ান লেগ স্পিনারদের ক্ষেত্রে দেখা যায় তারা খুব নিচু হয়ে বা ফ্ল্যাট বোলিং করে। কিন্তু সে বেশ প্রথাগত বোলার, বলের ওপর ভালো নিয়ন্ত্রণ রাখে এবং বাউন্স আদায় করতে পারে।'

রিশাদকে টেস্টে দেখার ইচ্ছের কথা জানিয়ে সোধি বলেন, 'আমি মাঝে মাঝে তাকে ইনস্টাগ্রামে মেসেজ দেই, আমাদের মধ্যে একটি যোগাযোগ আছে। আমার মনে হয় তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং আশা করি সে টেস্ট ক্রিকেটেও সুযোগ পাবে। বর্তমানে লেগ স্পিনারদের টেস্টে দেখা পাওয়া বেশ বিরল, কিন্তু তার সেই দক্ষতা আছে।'

রিশাদের সঙ্গে ক্রিকেটের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা হয় সোধির। এই কিউই স্পিনার জানিয়েছেন এই লেগ স্পিনারের সঙ্গে দেখা হলে তিনি জানার চেষ্টা করবেন এই কন্ডিশনে কোন বিষয়গুলো কাজে লাগাচ্ছেন রিশাদ। তার ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি।

সোধি যোগ করেন, 'রিশাদের সাথে আমার কয়েকবার কথা হয়েছে। তবে সবসময় যে ক্রিকেট নিয়ে কথা হয়েছে তা নয়। মাঝে মাঝে এমনিতেই কথা হয়। এই সিরিজ চলাকালীন হয়তো ওর সাথে আবার দেখা হবে এবং জানার চেষ্টা করব ও কেমন করছে বা এই কন্ডিশনে ওর জন্য কোন বিষয়গুলো কাজে দিচ্ছে। ও অত্যন্ত ট্যালেন্টেড একজন বোলার। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি লেভেলে ওর ক্যারিয়ারের শুরুটা দারুণ হয়েছে। আমার মনে হয় ও সময়ের সাথে আরও ভালো করবে।'