অনুশীলনে রক্ত ঝরিয়ে হাসপাতালে দিল্লির ক্রিকেটার

আইপিএল
সাহিল পরখ, ফাইল ফটো
সাহিল পরখ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঘরের মাঠে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ল দিল্লি ক্যাপিটালস। ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চললেও অনুশীলনের মাঝেই চোট পেলেন দলের এক তরুণ ব্যাটার।

আহত ক্রিকেটারের নাম সাহিল পরখ। নাসিকের ১৮ বছরের এই ক্রিকেটারকে শেষবারের নিলামে ৩০ লাখ টাকায় দলে নিয়েছিল দিল্লি। শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটে।

নেটে ব্যাট করার সময় আচমকাই মুখে বল লাগে সাহিলের। তীব্র আঘাতে মুখে গুরুতর চোট পান তিনি। একটি দৃশ্যে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আঘাতে তার মুখের একটি অংশে গভীর ক্ষত তৈরি হয়েছে।

মাঠের ধারে দ্রুত চিকিৎসা শুরু করেন দলের চিকিৎসকরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

দিল্লি শিবির সূত্রে জানা গিয়েছে, সাহিলের চোট বেশ গুরুতর হতে পারে। তার শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্ক্যান-সহ বিভিন্ন পরীক্ষা করার পরই চোটের প্রকৃত অবস্থা জানা যাবে।

মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা সাহিল আগেই নজর কাড়েন ঘরোয়া প্রতিযোগিতায়। মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে নাসিক টাইটান্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অপরাজিত ১০৯ রানের ইনিংসও রয়েছে তার ঝুলিতে।

আগ্রাসী মধ্যক্রমের ব্যাটার হিসেবে পরিচিত সাহিল মাঠে ফিল্ডিংয়েও দক্ষ। প্রয়োজনে বল হাতেও অবদান রাখতে পারেন তিনি। তরুণ এই ক্রিকেটারের চোটে দিল্লি শিবিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে।