রিশাদের আরেকটি বিবর্ণ দিন, হারল পিন্ডিজ

পিএসএল
পিন্ডিজ
পিন্ডিজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগে দুঃসময় যেন কাটছেই না রিশাদ হোসেন এবং তার দল রাওয়ালপিন্ডিজের। মুলতান সুলতান্সের বিপক্ষে সাত উইকেটে হেরেছে এই দলটি। আসরে এখনো জয়ের দেখা পায়নি চার ম্যাচ খেলে ফেলা দলটি। বল হাতে এ দিন ব্যর্থ হয়েছেন রিশাদ হোসেনও। তিন ওভারে ৪৬ রান খরচা করেও উইকেটের দেখা পাননি তিনি।

এ দিন টস হেরে ব্যাটিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পিন্ডিজ। ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন ইয়াসির খান। ৭ বলে ৫ রান করা ওপেনারকে বিদায় করেন মুহাম্মদ ইসমাইল। পাওয়ার প্লে শেষের আগে ড্রেসিং রুমে ফিরেছেন রিজওয়ানও। ১৩ বলে ১৯ রানের বেশি করতে পারেননি পিন্ডিজের অধিনায়ক।

ভালো শুরুর আভাস দিলেও উইকেটে থিতু হতে পারেননি আব্দুল ফজল। বাকিদের বিদায়ের মাঝেও একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেছিলেন কামরান গুলাম। ২৪ বলে ৩৫ রান করা ডানহাতি ব্যাটারকে ফিরিয়ে পিন্ডিজকে আরও চাপে ফেলেন ফয়সাল আকরাম।

দলের রান একশ হওয়ার আগে ফিরে গেছেন ড্যারিল মিচেলও। ১৭ রানে নিউজিল্যান্ডের ব্যাটার আউট হয়েছেন ফয়সালের বলে তারই হাতে ক্যাচ দিয়ে। গত ম্যাচের মতো এদিনও দ্রুত রান তোলার চেষ্টা করেন ডিয়ান ফরেস্টার।

যদিও ইনিংস বড় করতে পারেননি। তিন ছক্কায় ১১ বলে ২৪ রান করে আউট হয়েছেন পিটার সিডলের বলে। ব্যাটিংয়ে আরও একবার ব্যর্থ হয়েছেন রিশাদ। ৩ বলে ১ রানের বেশি করতে পারেননি তিনি। আরাফাত মিনহাসের বলে লেগ বিফোর হয়েছেন বাংলাদেশের ব্যাটার। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি তার। শেষ পর্যন্ত স্যাম বিলিংয়ের ৩৪ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংসে ১৮২ রানের পুঁজি পায় পিন্ডিজ।

লক্ষ্য তাড়া করতে নেমে সাহিবজাদা ফারহানের ৩৮ বলে ৬৮ এবং জশ ফিলিপের ৩০ বলে ৫৬ রানের সুবাদে ১৬.২ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুলতান। এ দিন একেবারেই হতাশ করেন রিশাদ।

পাওয়ার প্লে'তে মুলতান এক উইকেটে ৫৮ রান তোলার পর সপ্তম ওভারে বল হাতে নেন রিশাদ হোসেন। নিজের প্রথম ওভারে কেবল চার রান খরচ করেন তিনি। চারটি রানই আসে সিঙ্গেলসের খাতা থেকে। নিজের করা দ্বিতীয় ওভারে টানা তিনটি ছক্কা হজম করতে হয় রিশাদকে।

তিনটি ছক্কাই হাঁকান সাহিবজাদা। দ্বিতীয় ছক্কাটি মেরে ২৭ বলে ৫০ রান পূরণ করেন তিনি। তার তৃতীয় ছক্কায় দল ৯.৪ ওভারে একশ রান পার করে। ওভারের শেষ বলে জশ ফিলিপে আরেকটি ছক্কা হাঁকান। ফলে এই ওভারে রিশাদ খরচ করেন চারটি ছক্কায় ২৬ রান।

তৃতীয় ওভারে রিশাদ হজম করেন আরো দুটি ছক্কা। অ্যাস্টন টার্নার ও শান মাসুদের কাছে দুটি ছক্কা হজম করেন তিনি। এই ওভারে তিনি দেন ১৬ রান। মাঝের ওভারেগুলোতে সাহিবজাদা ফারহানকে আমির খান এবং ফিলিপেকে মোহাম্মদ আমির ফেরালে কিছুটা স্বস্তি পায় পিন্ডিজ। যদিও রিশাদের করা ওভারে আবারও ম্যাচ ফসকে যায় তাদের কাছ থেকে।

আরো পড়ুন: