টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল নড়বড়ে। উইল ও’রুর্কের আগুনে বোলিংয়ে দ্রুতই ফিরলেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ৩২ রান তুলতেই তিন উইকেট নেই বাংলাদেশের। তখন আরেকটি ব্যাটিং ব্যর্থতার গল্প লেখার অপেক্ষায় চট্টগ্রাম। তবে এমন কিছু হতে দিলেন না লিটন ও শান্ত। তারা দুজনে মিলে জুটি গড়েছেন, বাংলাদেশকেও টেনে নিয়ে গেছেন।
শান্ত সেঞ্চুরি ও লিটন থামেন ৯১ বলে ৭৬ রানের ইনিংস খেলে। দুজনে মিলে গড়েন ১৬০ রানের দুর্দান্ত এক জুটি। তাদের ওমন ব্যাটিংয়েই ম্যাচে মোমেন্টাম পায় বাংলাদেশ। ম্যাচ শেষে মিরাজও জানালেন এমন কথাই। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা পুরোপুরি মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। ৩১ (৩২) রানে ৩ উইকেট খুবই কঠিন এই কন্ডিশনে। ওরা খুব ভালো জায়গায় বোলিং করেছে।’
‘ওরা (লিটন-শান্ত) যেভাবে দায়িত্ব নিয়েছে খেলেছে এটা অবিশ্বাস্য। এটা পুরো দলের মোমেন্টাম বদলে দিয়েছে। প্রত্যেকটা খেলোয়াড় আত্মবিশ্বাসী ছিল যত রানই হোক না কেন আমরা ম্যাচটা জিততে পারব...। ওদের দুজনের জন্যই হয়ত আজকের ম্যাচটা আমরা জিততে পেরেছি। কারণ যদি (এরকম) টোটাল না দিতে পারতাম আমাদের জন্য একটু কঠিন হতো।’
ম্যাচের পুরোটা সময় নিউজিল্যান্ডকে খুব বেশি সুযোগ দেননি লিটন ও শান্ত। অধিনায়কের চোখে সেটাও ভালো লেগেছে। এত গরমের মধ্যেও বাজে শট না খেলে বরং কষ্ট করে, দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন বলে প্রশংষা করেছেন অধিনায়ক। মিরাজ বলেন, ‘অবশ্যই, অনেক কঠিন ছিল। তারা (লিটন-শান্ত) অনেক ভালো দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে দলের প্রয়োজনে। কারণ তারা কিন্তু চাইলে বাজে একটা শট খেলতে পারত। কিন্তু অনেক কষ্ট করে ব্যাটিং করেছে। এই তাপমাত্রায় যেভাবে ব্যাটিং করেছে এবং দায়িত্ব নিয়ে খেলেছে এটা অবশ্যই ভালো ছিল।’
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো করতে পারছিলেন না লিটন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অবশ্য রানের দেখা পেয়েছেন। ১৯ ইনিংসের খরা কাটিয়ে করেছেন হাফ সেঞ্চুরি। লিটনের মতো রান পাচ্ছিলেন না শান্তও। দ্বিতীয় ম্যাচে খরা কাটিয়েছিলেন হাফ সেঞ্চুরির। শেষ ওয়ানডেতে কাটিয়েছেন সেঞ্চুরির খরা। ১৭৭ মিনিট ব্যাটিং করে ক্যারিারের চতুর্থ একশ ছোঁয়া ইনিংস খেলেন শান্ত। মিরাজ জানান, বাঁহাতি ব্যাটারের কাছে এরকম ব্যাটিংই আশা করেন।
মিরাজ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। শান্ত যেভাবে ব্যাটিং করেছে আমরা ওর কাছ থেকে এরকমই আশা করি। ও খুব ভালো একটা ইনিংস খেলেছে। লিটন দাসও যেভাবে ব্যাটিং করেছে, মুস্তাফিজও (পারফর্ম করেছে)। দেখুন— সবাই অনেক অভিজ্ঞ খেলোয়াড়, বাংলাদেশের জন্য অনেক দিন খেলেছে। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় পারফরম্যান্সটা ভালোভাবে শো করার। দিন শেষে দলের ভালো ফলাফল হবে।’