বিসিবি জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার পর মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন দলের মেডিকেল স্টাফ। পর্যালোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার বর্তমান অবস্থা আরও ভালোভাবে মূল্যায়নের জন্য দ্রুত স্ক্যান করা হবে।
এরপর বিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে তিনি পুনর্বাসন শুরু করবেন। মূলত এ কারণেই মুস্তাফিজের এনওসি প্রত্যাহার করেছে বোর্ড। ফলে এবারের পিএসএলে আর লাহোরের হয়ে খেলতে দেখা যাবে না মুস্তাফিজকে। সেই সঙ্গে পিএসএলে ফেরা হচ্ছে না আরেক পেসার নাহিদ রানারও।
তারও এনওসি দেয়া হচ্ছে না পিএসএলের বাকি অংশের জন্য। তবে নাহিদের এনওসি না দেয়ার বিষয়টি ফিটনেস সংক্রান্ত কোনো কারণে নয়। বরং আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে তাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পিএসএলের এবারের আসরে নাহিদ পেশোয়ার জালমির হয়ে খেলেছেন। শুরুর দিকের কিছু ম্যাচে বেঞ্চে থাকলেও যখন খেলার সুযোগ পেয়েছেন নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এই পেসার। দলটির হয়ে ৪ ম্যাচ খেলে ৭ উইকেট নেন নাহিদ। অন্যদিকে লাহোরের হয়ে দারুণ ছন্দে ছিলেন মুস্তাফিজও। তিনি ৫ ম্যাচে ৬টি উইকেট নিয়ে ৭.১৭ ইকোনোমিতে।