ওয়ানডে দলে তিলককে চান গম্ভীর-আগারকার

ভারত ক্রিকেট
গৌতম গম্ভীর ও তিলক ভার্মা, ফাইল ফটো
গৌতম গম্ভীর ও তিলক ভার্মা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এখন থেকেই ভারতের নির্বাচকদের ভাবনায় আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ। বিশেষ করে মিডল অর্ডার নিয়ে কোনো ঝুঁকি রাখতে চাইছেন না অজিত আগারকাররা। সেই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিলক ভার্মা। বাঁহাতি এই ব্যাটারকে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনেও আরও কার্যকর করে তুলতে চান নির্বাচকরা।

শুভমান গিলের নেতৃত্বাধীন দলের প্রথম ছয় ব্যাটারের জায়গা শক্ত রাখতে বিকল্প তৈরি করছে ভারত। শ্রেয়াস আয়ারের বিকল্প হিসেবেও ভাবা হচ্ছে তিলককে। ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের ব্যাটিংয়ের সঙ্গে তার বোলিং সামর্থ্যও বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছেন কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক আগারকার।

বিসিসিআইয়ের এক কর্তা ভারতের গণমাধ্যমকে বলেন, 'কোচ গম্ভীর এবং অধিনায়ক শুভমান মনে করছেন মিডল অর্ডারের বিকল্প ক্রিকেটারের অভাব রয়েছে। হার্দিক পান্ডিয়া এবং নীতীশ কুমার রেড্ডির চোটপ্রবণতা তাদের চিন্তায় রেখেছে। তারা এমন একজনকে মূল ব্যাটিং অর্ডারে রাখতে চান, যে চার-পাঁচ ওভার বল করতে পারবে।'

অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরকে মূল ব্যাটিং অলরাউন্ডারের জায়গায় ভাবা হচ্ছে না। তাদের সাত বা আট নম্বরের জন্য বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ব্যাটিংয়ে ডানহাতি-বাঁহাতির ভারসাম্যও রাখতে চাইছেন গম্ভীর। গত ইংল্যান্ড সফরে শ্রেয়াসের আগে পাঁচ নম্বরে ইশান কিশানকে খেলানোর পেছনেও ছিল এই পরিকল্পনা।

বোর্ডের ওই কর্তা আরও বলেন, 'সাউথ আফ্রিকার পরিবেশ ও পিচের কথা মাথায় রেখে দল গঠনের পরিকল্পনা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় শ্রেয়াস চোট পাওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। বিরাট কোহলি ও রোহিত শর্মার বয়স হয়েছে, তাদেরও ছোটখাটো চোট রয়েছে। বিশ্বকাপের সময় লোকেশ রাহুলের বয়স ৩৫ পেরিয়ে যাবে। রবীন্দ্র জাদেজাও ক্যারিয়ারের শেষ দিকে। তাই কম বয়সী বিকল্প ক্রিকেটার প্রস্তুত রাখা হচ্ছে।'

আগামী সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ ও অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজ রয়েছে ভারতের। এশিয়ান গেমসের কারণে পুরো শক্তির টি-টোয়েন্টি দলও ব্যস্ত থাকবে। ফলে এই সময়টাকেই নতুনদের যাচাইয়ের জন্য কাজে লাগাতে চান নির্বাচকেরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে শ্রেয়াস, তিলক, ঈশান ও অক্ষর না থাকায় পরীক্ষা-নিরীক্ষার সুযোগও থাকবে।

বিকল্প ওপেনার হিসেবেও ভাবনায় আছেন রুতুরাজ গায়কোয়াড়। তবে গম্ভীর-আগারকারদের পছন্দের তালিকায় আপাতত এগিয়ে দেবদূত পাড়িকাল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে শতরান করলেও তাকে এখনই এক দিনের দলে ভাবা হচ্ছে না। একই সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটের জন্য উপযুক্ত আরেকজন উইকেটরক্ষকের খোঁজও চালিয়ে যাচ্ছে ভারত।

আরো পড়ুন: