ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে একাদশে ছিলেন সিপামলা। যদিও নয়টি ডেলিভারি করার পর মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে ম্যাচের বাকি অংশে পাওয়া যায়নি ডানহাতি এই পেসারকে। এমনকি দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে ছিলেন না তিনি।
স্ক্যানের পর রিপোর্ট থেকে জানা গেছে, সিপামলা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। ফলে নামিবিয়া, জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের বাকি অংশে খেলা হচ্ছে না তার। সিপামলার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন সিমিলানে। এখনো পর্যন্ত সাউথ আফ্রিকার হয়ে ১০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
সাউথ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন সিপামলা। এর আগে কুঁচকির চোটে পড়ায় নামিবিয়া সফরেই যেতে পারেননি জেসন স্মিথও। যদি তার বদলি হিসেবে কাউকে দলে নেয়নি সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের ইনজুরি শঙ্কা যেন কাটছেই না।
হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা। টেস্ট সিরিজে খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়। যা কিনা ৯ অক্টোবর থেকে শুরু হবে। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর হওয়ায় দুই মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে রাবাদাকে।