একাদশে থেকেও কেন ব্যাটিংয়ে নামেননি বাবর, জানালেন হেসন

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে আগেই সমালোচনার মুখে ছিলেন বাবর আজম। এর মধ্যেই নামিবিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিন উইকেট পড়ার পরও তাকে ব্যাটিংয়ে নামানো হয়নি। ফলে দলে তার নির্দিষ্ট ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।

গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে চার নম্বরে খেলানো হয় বাবরকে। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৮ বলে ১৫, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ বলে ৪৬ ও ভারতের বিপক্ষে ৭ বলে ৫ রান করেন তিনি। রান পেয়েছেন, তবে ইনিংসের গতি নিয়ে প্রশ্ন ছিল আগেই।

টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা নতুন নয়। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে ১১৫.৭৮ স্ট্রাইক রেটে ৬৬ রান করার পর তা আরও জোরালো হয়।

বাবরকে ব্যাটিংয়ে না নামানো নিয়ে হেসন বলেন, 'সেদিন আমরা দ্বাদশ ওভারে ছিলাম। আর সেই মুহূর্তে ব্যাটিংয়ের জন্য বাবর আজম সেরা ব্যক্তি নয়; আমাদের কাছে আরও অনেক বিকল্প আছে, যারা শেষের দিকে সেই ভূমিকা পালন করতে পারে।'

নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট পড়ার পর চারে পাঠানো হয় খাওয়াজা নাফেকে, পাঁচে নামেন শাদাব খান। ওপেনার সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে তিন উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত বড় জয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করে দলটি।

বাবরকে না নামানোর সিদ্ধান্তে তার ব্যক্তিগত উপলব্ধির কথাও তুলে ধরেন কোচ, 'বাবর নিজেই সেটা বুঝতে পেরেছে। সে জানে তার কিছু নির্দিষ্ট দক্ষতা আছে, যা দলের জন্য প্রয়োজন। এমন কিছু মুহূর্ত আসে, যখন অন্য খেলোয়াড়রা তাদের ভূমিকা আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারে।'

টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরুতে তিন নম্বরে ব্যাটিং করতেন বাবর। পরে ওপেনিংয়ে নিয়মিত হন, আবার কখনও তিন নম্বরে ফিরে যান। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে চার নম্বরে খেলানো হয়, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে বিরল অভিজ্ঞতা। প্রায় এক বছর দলের বাইরে থাকার পর ২০২৫ এশিয়া কাপের পর তাকে ফেরানো হয় মিডল অর্ডারের নির্দিষ্ট ভূমিকায়।

হেসনের ভাষ্য, 'আমার মনে হয়, বাবর ভালোভাবেই জানে যে, বিশ্বকাপে পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট ১০০-এর কম এবং আমাদের যা প্রয়োজন, সেই ভূমিকা এটি নয়। এশিয়া কাপের পর আমরা বাবরকে একটি নির্দিষ্ট ভূমিকায় ফিরিয়ে এনেছি।'

আরো পড়ুন: