এর একদিন পরই পাওনা নিয়ে রীতিমতো বোমা ফাটালেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার নাসির হোসেন। পাওনা চেয়ে হোয়াটসএপ গ্রুপে কয়েকবার ম্যাসেজ পাঠালেও ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটারদের ঘোরাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন নাসির। পারিশ্রমিকের মাত্র ২৫ শতাংশ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। ৭৫ শতাংশ এখনও বাকি।
শুক্রবার 'বি পজিটিভ' নামে নিজের একটি ফ্যাশন ব্র্যান্ড উদ্বোধন করেছেন নাসির। সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিপিএল নিয়ে কথা বলেছেন নাসির। পাওনা নিয়ে তিনি বলেন, '২৫ শতাংশ পেয়েছি। ৭৫ শতাংশ বাকি।'
এদিকে বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স সবার আগে পুরো অর্থ পরিশোধ করেছে। রংপুর ৭৫ শতাংশ টাকা দিয়েছে। নোয়াখালীর ১ কোটি ৭৫ লাখ টাকা বকেয়া। বিসিবির কাছে তাদের ২ কোটি টাকার পে-অর্ডার রয়েছে, সেখান থেকে খেলোয়াড়দের পাওনা পরিশোধ করা হবে।
ঢাকা ক্যাপিটালসের পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এবং সিলেট টাইটান্সের জমা অর্থ দিয়ে সংশ্লিষ্টদের পাওনা দেওয়া হবে বলে জানা গেছে একাধিক সূত্র থেকে। নাসিরও জানিয়েছেন বিসিবির পক্ষ থেকে তাদের আশ্বাস দেয়া হয়েছে এই মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজি টাকা না দিলে ব্যাংক গ্যারেন্টি থেকে তাদের টাকা দেয়া হবে।
নাসির বলেন, 'মিঠু (ইফতেখার রহমান) ভাই আমাদেরকে আশ্বাস দিয়েছে সম্ভবত আমি যতটুকু জানি আর কি। এই মাস পর্যন্ত মনে হয় দেখবে। যদি এই মাস পর্যন্ত তারা না দিতে পারে তখন মনে হয় যে ঢাকা টিমের জামানত হিসেবে কিছু টাকা আছে... ব্যাংক গ্যারান্টি, ওই টাকা থেকে আমাদের পাওনা দিবে।'
যারা টাকা দিতে পারবে না তাদের কোনো ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব দেয়া উচিত নয় বলেও মনে করেন নাসির। তিনি যোগ করেন, 'যাদের পকেটে টাকা নাই তাদের দল করা উচিত না। জানি না এদেরকে কি চিন্তা করে দল দেয়। কারণ এটা তো শুধু আমাদের মানসম্মান নষ্ট হচ্ছে না, এটা পুরা দেশেরই মানসম্মান নষ্ট হচ্ছে।'
এক যুগ পার করার পরও বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি নাসিরের। বিশেষ করে বিপিএলে খেলতে আসেন অনেক বিদেশি ক্রিকেটার। তাদের কাছে বাংলাদেশকে ভিন্ন রূপে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি নাসিরের।
তিনি যোগ করেন, 'এখানে বিদেশি প্লেয়াররা আসে। তারা বিদেশে গিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে— বাংলাদেশের পেমেন্ট খারাপ, বাংলাদেশের দল খারাপ, এই খারাপ। বিসিবি কাকে দল দিচ্ছে এটা ভালো করে নিশ্চিত হয়ে দল দেয়া উচিত। নাহলে একটা সময় মনে হবে যে পাড়ার ক্রিকেটের চেয়ে বিপিএল এর মান আরও খারাপ হয়ে যাবে।'