সাউথ আফ্রিকার বিপক্ষেই পরিবর্তন চান পন্টিং

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
রিকি পন্টিং
রিকি পন্টিং
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে নিষ্প্রভ ছিলেন মার্নাস ল্যাবুশেন। তিন ইনিংসে ব্যাট করে যথাক্রমে করেছেন ১,৩১ ও ৪ রান। অজি এই ব্যাটারের সেঞ্চুরি খরা এখন ৪৩ ম্যাচে এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় অস্ট্রেলিয়া দলে তার জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক রিকি পন্টিং।

তার মতে ল্যাবুশেনকে তিন নম্বরে খেলানো এখন অসহনীয় পর্যায়ে উঠে গেছে। আগামী ৯ অক্টোবর থেকে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজে ল্যাবুশেন সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ চলাকালীনও ল্যাবুশেনের সমালোচনা করেছিলেন তিনি।

এবার স্কাই স্পোর্টস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার টেস্ট দলে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। পন্টিং বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে এটি খুবই প্রভাবশালী একটি দল। কিন্তু আমার মনে হয়, গত কয়েক বছর তারা কয়েকজন খেলোয়াড়কে টেনে নিয়ে গেছে।’

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজেই পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। তিন নম্বরে তিনি অন্য কাউকে খেলানোরও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘সাউথ আফ্রিকায় গিয়ে দলে পরিবর্তন আনা অনিবার্য। দলে ল্যাবুশেনের জায়গা প্রায় অসহনীয় হয়ে উঠেছে। তাই তিন নম্বরে অন্য কাউকে নিয়ে ভাবতে হবে।’

অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারেও ভবিষ্যতে পরিবর্তন দেখছেন পন্টিং। বর্তমানে ওপেনিংয়ে খেললেও ট্রাভিস হেডকে আবার পাঁচ নম্বরে ফেরানো হতে পারে বলে মনে করেন তিনি। তাতে ওপেনিংয়ে সুযোগ তৈরি হবে নতুন কারও জন্য। পন্টিং বলেছেন, ‘একপর্যায়ে তারা ট্রাভিস হেডকে আবার পাঁচ নম্বরে ফেরাতে চাইবে, ওপেনিংয়ে নয়। তাতে তরুণ কোনো খেলোয়াড়ের ওপেনিংয়ে আসার সুযোগ তৈরি হতে পারে।’

যদিও দলে পরিবর্তনের ব্যাপারটি সহজ নয় বলেও স্বীকার করেছেন তিনি। পন্টিংয়ের ভাষ্য, ‘সাউথ আফ্রিকার ওই বোলিং আক্রমণের বিপক্ষে কাজটা সহজ হবে না। কিন্তু আমাদের এখন কিছু একটা চেষ্টা করার সময় এসেছে। আমার মনে হয় না, এতে আমরা আরও খারাপ হয়ে যাব বা কিছু হারাব। বরং হয়তো আমরা দারুণ একজন প্রতিভা খুঁজে পেতে পারি।’

আরো পড়ুন: