লর্ডসে পিসিবির প্রতিবাদ নিয়ে মুখ খুললেন বাবর

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ
বাবর আজম, ফাইল ফটো
বাবর আজম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লর্ডস টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর মাঠে না নামার কথা ভেবেছিল পাকিস্তান- এমন খবর ছড়িয়ে পড়লেও ম্যাচ শেষে তা সরাসরি নাকচ করেছেন অধিনায়ক বাবর আজম। রবিবার টেস্ট শেষে এক অনুষ্ঠানে বিষয়টি জানতে চাওয়া হলে বিস্ময় প্রকাশ করেন তিনি। বাবরের দাবি, এ ধরনের কোনো আলোচনা তার জানা ছিল না।

ঘটনার সূত্রপাত লর্ডস টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল আথারটনের নেয়া ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলেমানের সাক্ষাৎকার সম্প্রচার করে স্কাই স্পোর্টস। সেখানে তাদের বাবার স্বাস্থ্য, চিকিৎসা ও কারাবাসের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে ধারাভাষ্যকার ইসা গুহা বাবরকে প্রশ্ন করেন, 'লাঞ্চের পর পাকিস্তান দল মাঠে নামবে না, এমন কোনো ব্যাপার কি ছিল?' বিস্মিত বাবর জবাব দেন, 'না, না, না। আমি ওসব শুনিনি।' এরপর এমন কোনো আলোচনা চলছিল কি না জানতে চাইলে পাকিস্তান অধিনায়ক আবারও বলেন, 'না।'

এর আগে পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদও দ্বিতীয় দিনের খেলা শেষে এমন কোনো বিষয় সম্পর্কে তাদের জানা নেই বলে জানিয়েছিলেন। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইমরানের ছেলেদের সাক্ষাৎকার প্রচারে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি ঘিরে প্রথম দিন পাকিস্তান শিবিরে কিছুটা উত্তেজনাও তৈরি হয়েছিল বলে খবর প্রকাশিত হয়।

সেই প্রতিবেদনের ভিত্তিতেই ছড়িয়ে পড়ে, লাঞ্চের পর মাঠে না নামার কথা ভাবছিল পাকিস্তান দল। এমনকি পরের টেস্টে না খেলার বিষয়েও আলোচনা হয়েছিল বলে দাবি করা হয়। তবে এখন পর্যন্ত এসব খবরের সত্যতা নিশ্চিত হয়নি। পিসিবি প্রধান মহসিন নাকভি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। দুর্নীতির মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর দল ও তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানিয়ে আসছিলেন দলীয় নেতারা ও আইনজীবীরা।

আরো পড়ুন: