অস্ট্রেলিয়া বড় নাম, তবুও আত্মবিশ্বাসী লিটন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সংবাদ সম্মেলনে লিটন দাস
সংবাদ সম্মেলনে লিটন দাস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দলের দায়িত্ব নেবার পর টি-টোয়েন্টি দলকে নতুনভাবে সাজিয়েছেন লিটন দাস। তার ফলও পেয়েছে বাংলাদেশ। লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশের পর শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষেও সিরিজ বাংলাদেশ। এবার যখন সামনে 'মাইটি' অস্ট্রেলিয়া তখনও নিজেদের ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী লিটন। শুধু সিরিজ জেতা নয়, মাঠে নিজদের সেরা ক্রিকেটটাই খেলতে চান বাংলাদেশ অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে দলের প্রথম সারির প্রায় সব পেসারকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইনদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ হয়ে এসেছিল সেই সিরিজ। মূল একাদশের বাইরে ক্রিকেটাররা পারফর্ম করায় দল আরো শক্তিশালী হয়েছে বলে মনে করেন লিটন।

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, ' এটা ভালো বিষয় যে আপনার বেঞ্চও অনেক শক্তিশালী। আপনি যেকোনো খেলোয়াড় দিয়েই সেরা একাদশ বানাতে পারেন। এটা ভালো প্রতিযোগিতা। একই সঙ্গে বাংলাদেশের জন্যও ভালো যে বেঞ্চ অনেক শক্ত হচ্ছে। আমি আগেও বলেছি, তাসকিন আর ফিজ বড় নাম। তাদের অভিজ্ঞতা আছে। আগের সিরিজে বিশ্রামের কারণে তাদের খেলানো হয়নি। এবার তারা এসেছে পূর্ণ শক্তি নিয়ে, আমরা ভালো খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছি।'

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও মনে করেন তিনি।

এ প্রসঙ্গে লিটন বলেন,'আপনি যখন বড় দলের সঙ্গে ভালো খেলবেন, শুধু সিরিজ জেতা না, আমরা তিনটি খেলাতেই খুব ভালো খেলেছি। তাই এটা একটা ইতিবাচক দিক। অবশ্যই ধরনটা আলাদা। আমাদের দলও আলাদা, তাদের দলও আলাদা। আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে খেলেছেন টি-টোয়েন্টি দলের। তাই সবার ভেতরে আত্মবিশ্বাস আছে এবং যেকোনো দিনে আপনাকে খুব ভালো খেলতে হবে।'

তবে টি-টোয়েন্টি ক্রিকেটকে সবচেয়ে অনিশ্চিত ফরম্যাটগুলোর একটি বলেই বাড়তি সতর্ক থাকতে চান বাংলাদেশ অধিনায়ক।

লিটন বলেন, 'এই ফরম্যাটটাই তো কঠিন। ছোট ফরম্যাটে যেকোনো দলই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামে। যে কোনো দলই ব্যাটিং করে বা বোলিং করে সবাই একই মানসিকতা নিয়ে খেলে। অস্ট্রেলিয়া সব সময়ই অবশ্যই বড় নাম। তারা তাদের সেরা খেলা খেলতে চাইবে, আমরাও আমাদের সেরা খেলা খেলতে চাইব।'

আরো পড়ুন: