সামাজিক যোগাযোগমাধ্যমে লিটনকে দলে ভেড়ানোর খবর জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে সরাসরি চুক্তিতেই বাংলাদেশি এই উইকেটরক্ষক-ব্যাটারকে দলে নিয়েছে গল।
অনেকদিন পর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে লিটনকে। ২০২৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। একই বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের দলে থাকলেও চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই দেশে ফিরতে হয়েছিল তাকে।
এ ছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সারে জাগুয়ার্সের প্রতিনিধিত্ব করেছেন লিটন। এর আগে লঙ্কান ফ্র্যাঞ্চাইজি গল টাইটান্সের হয়েও খেলেছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াহসের জার্সিতেও মাঠে নেমেছিলেন বাংলাদেশের এই ব্যাটার।
ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা যায় লিটনকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২০ ইনিংসে ২৩.৪৯ গড়ে ২ হাজার ৭০২ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট ১২৬.৭৯, আর ফিফটি রয়েছে ১৬টি।
এবারের এলপিএলে এখন পর্যন্ত তিন বাংলাদেশি ক্রিকেটারের খেলা নিশ্চিত হয়েছে। জাফনা কিংসে সরাসরি চুক্তিতে খেলবেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। গল গালান্টসে যোগ দিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে এবারের আসরে নাম লেখালেন লিটন। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে এলপিএলের ড্রাফট, যেখানে রয়েছেন আরও ৩০ বাংলাদেশি ক্রিকেটার।