২০২১ সালে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার মিরপুরে স্পিন সহায়ক পিচ বানিয়ে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল টাইগাররা। তবে, এবারের সিরিজে বাংলাদেশ যে সেই পুরোনো পথে হাঁটবে না তা ভালোভাবেই জানেন মার্শ। প্রথম ওয়ানডে হারের পরেরই অস্ট্রেলিয়া থেকে দ্রুত উড়িয়ে নিয়ে আসা হয় মার্শকে। তাই বাংলাদেশের উইকেট ও আবহাওয়ার ব্যাপারে বেশ স্বচ্ছ্ব ধারণা নিতে পেরেছেন অজি অধিনায়ক।
সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে মার্শ বলেন, 'আমি এখানে আগে কখনো আসিনি, এই মাঠে কখনোই খেলা হয়নি। তাই এটা আমার জন্যও একদম নতুন এবং রোমাঞ্চকর। হ্যাঁ, উইকেটে কিছুটা ঘাস আছে। উইকেটটা দেখতে বেশ ভালো মনে হচ্ছে এবং আমি নিশ্চিত যে এটি একটি দুর্দান্ত ও উপভোগ্য ক্রিকেট ম্যাচ উপহার দেবে।'
দেড় দশক পর বাংলাদেশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমে সিরিজ হারের স্বাদ পেয়েছে অজিরা। শেষ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ালেও টি-টোয়েন্টি সিরিজেও যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা ভালোই জানেন মার্শ। তবে, টি-টোয়েন্টি দলে সম্প্রতি আইপিএলে খেলা কিছু তারকা যুক্ত হওয়ায় দারুণ কিছু করতে পারার ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ান অধনায়ক।
এ প্রসঙ্গে মার্শ বলেন,'আমাদের দলে কিছু পরিবর্তন এসেছে, এবং ছেলেরা এই সিরিজের জন্য দারুণভাবে মুখিয়ে আছে। কোনো সন্দেহ নেই যে সফরটা এখন পর্যন্ত বেশ কঠিন ছিল, তবে হ্যাঁ, আমরা অনেক বড় আশা নিয়ে এই সিরিজে নামছি যাতে সিরিজটি জিততে পারি এবং দারুণ কিছু ক্রিকেট উপহার দিতে পারি।'