পাশাপাশি ওপেনার পারভেজ হোসেন ইমন জ্বরে ভুগছেন। এ কারণেই বিকল্প ক্রিকেটার হিসেবে সৌম্যকে নেয়া হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লিটন। তিনি প্রথম ম্যাচে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সৌম্য আজই দলের সঙ্গে যোগ দেবেন। প্রয়োজনে কাল মাঠে নামতে পারবেন বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন লিটন।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'সৌম্যকে নেয়ার কারণ হলো আমি ফিফটি ফিফটি ছিলাম। জানি না কী হতে পারে। কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ইমনের হালকা অসুস্থতা আছে। তাই আমরা ঝুঁকি নিইনি যে হঠাৎ করে একজনকে ডেকে কিছু করানোর জন্য। আমরা চেষ্টা করেছি তাকে দলে রাখতে। আজ হয়তো সে অনুশীলন করতে পারবে না, কিন্তু কাল থেকে সে পুরো দলের অংশ হয়ে যাবে।'
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে ব্যাটিং ছেড়ে উঠে যান লিটন। যদিও শেষদিকে মাঠে নেমে অবশ্য মিরপুরে ওয়ানডেতে ফিফটি-খরা ঘোচান। এদিন ৭৮ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন। তবে ম্যাচ শেষে তাকে নিয়ে খুব একটা স্বস্তির খবর দিতে পারেননি ফিজিও। তবে লিটন নিশ্চিত করেছেন আগের চেয়ে ভালো অবস্থায় আছেন তিনি।
লিটন যোগ করেন, 'প্রথমত আমি আগের চেয়ে ভালো আছি। যে অবস্থায় ছিলাম তার চেয়ে ভালো। কিন্তু আজ দেখব, তারপর কালকে দেখে সিদ্ধান্ত নেব আমার বিষয়টা। আর অবশ্যই আপনি যখন বড় দলের সঙ্গে ভালো খেলবেন, শুধু সিরিজ জেতা না, আমরা তিনটি খেলাতেই খুব ভালো খেলেছি।'
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, 'এটা একটা ইতিবাচক দিক। অবশ্যই ধরনটা আলাদা। আমাদের দলও আলাদা, তাদের দলও আলাদা। আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে খেলেছেন টি-টোয়েন্টি দলের। তাই সবার ভেতরে আত্মবিশ্বাস আছে এবং যেকোনো দিনে আপনাকে খুব ভালো খেলতে হবে।'