লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন ওয়াটসন

মেজর লিগ ক্রিকেট
শেন ওয়াটসন, ফাইল ফটো
শেন ওয়াটসন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসনকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স (এলএকেআর)। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে নাইট রাইডার্স গ্রুপের যুক্তরাষ্ট্রভিত্তিক দলটি। আগামী ১৯ জুন শুরু হতে যাওয়া এমএলসি ২০২৬ মৌসুমের আগে ওয়াটসনের অন্তর্ভুক্তি দলটির জন্য বড় শক্তি হিসেবেই দেখা হচ্ছে।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ও মেন্টরশিপে দ্রুতই নিজের অবস্থান তৈরি করেছেন ওয়াটসন। ২০২২ ও ২০২৩ মৌসুমে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচ হন, যা ছিল প্রধান কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট। তার অধীনে দলটি দারুণ ক্রিকেট উপহার দেয় এবং কোচ হিসেবে বেশ সুনাম কুড়ান ওয়াটসন।

২০২৬ মৌসুমে আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। ফলে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সাথে ওয়াটসনের সম্পর্ক বেশ আগে থেকেই। নতুন দলে ওয়াটসনকে স্বাগত জানিয়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে লিখেছে, 'শ্রেষ্ঠত্ব। অভিজ্ঞতা। জয়ের মানসিকতা। সবকিছু এক ফ্রেমে।আমাদের মেন্টর শেন ওয়াটসনকে স্বাগতম।'

এদিকে নতুন মৌসুম সামনে রেখে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার দলটির অধিনায়কত্ব করবেন, আর প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ডোয়াইন ব্রাভো। টানা তিন মৌসুম প্লে-অফে উঠতে না পারা ফ্র্যাঞ্চাইজিটি এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে। সেই পরিকল্পনায় ওয়াটসনের অভিজ্ঞতা ও কৌশলগত পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছে দলটির ম্যানেজমেন্ট।

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সফল অলরাউন্ডার ওয়াটসন ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ১০ হাজারের বেশি আন্তর্জাতিক রান ও প্রায় ৩০০ উইকেট। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে আইপিএল, বিগ ব্যাশ ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে অর্জিত অভিজ্ঞতা এখন কোচিং ও মেন্টরশিপে কাজে লাগাচ্ছেন ওয়াটসন।

আরো পড়ুন: