আগামী বছরের অক্টোবর-নভেম্বরে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে অনুষ্ঠিত হবে পরবর্তীতে ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপের বছরে তুলনামূলক বেশি ওয়ানডে ম্যাচ খেলতে চায় পাকিস্তান। যার অংশ হিসেবে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল তারা।
যদিও সেই সিরিজটা হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। জিম্বাবুয়ে না আসায় আয়ারল্যান্ডের সঙ্গে সাদা বলের ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি টেস্ট ম্যাচের কথাও ভাবা হচ্ছে। তবে ক্রিকইনফো জানিয়েছে, টেস্ট ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।
আয়ারল্যান্ড ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের একজন মুখপাত্র ক্রিকইনফো বলেন, ‘পিসিবি এবং ক্রিকেট আয়ারল্যান্ড বর্তমানে পরিবর্তিত সূচি নিয়ে কাজ করছে। দ্রুতই আপনারা সেটা সম্পর্কে জানতে পারবেন।’
আগামী অক্টোবরে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে আতিথেয়তা দেবে পাকিস্তান। যেখানে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। এ ছাড়া আগামী বছর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। যদিও পাঁচ নাকি তিন ম্যাচ হবে সেটা এখনো চূড়ান্ত। তবে পাঁচটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করছে তারা। একই বছর ইংল্যান্ডের বিপক্ষেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।