পাকিস্তানকে নড়বড়ে বলব না, যারা ভালো খেলবে তারাই জিতবে: রাব্বি

এশিয়ান গেমস
ইয়াসির আলী রাব্বি, ক্রিকফ্রেঞ্জি
ইয়াসির আলী রাব্বি, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে একের পর এক ম্যাচ ভেস্তে যাচ্ছে বৃষ্টিতে। ভারত-পাকিস্তানের মতো দলগুলো কোনো ম্যাচ না খেলেই পৌঁছে গেছে সেমিফাইনালে। একই ঘটনা ঘটেছে বাংলাদেশের বিপক্ষেও। এবার অবশ্য খেলা মাঠে গড়াবে বলেই প্রত্যাশা বাংলাদেশের। সেমিফাইনালের প্রতিপক্ষ পাকিস্তানকেও হালকাভাবে নিচ্ছে না টাইগাররা।

সাম্প্রতিক সময়ে কোনো ফরম্যাটের ক্রিকেটে সেভাবে সাফল্য পাচ্ছে না পাকিস্তান। দলটির বর্তমান অবস্থা বেশ নড়বড়ে। এর মধ্যে এশিয়ান গেমসেও নিজেদের সেরা স্কোয়াড পাঠায়নি পাকিস্তান। তবুও দলটিকে সমীহ করছেন বাংলাদেশের ব্যাটার ইয়াসির আলী রাব্বি।

তিনি বলেন, 'পাকিস্তানকে আমি নড়বড়ে বলব না, তারা অনেক ভালো দল। ক্রিকেটের মাঠে যখন আমরা মাঠে নামি, সবাই ভালো দল। যে ভালো খেলবে, সেই জিতবে। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব, এটুকুই ইনশাআল্লাহ।'

'প্রত্যেকটা দলের সাথে আমাদের প্রক্রিয়াটা ধরে রাখা উচিত, আর ইতিবাচক ক্রিকেট খেলা উচিত। বাকিটা উইকেট দেখে, আবহাওয়ার উপর অনেক কিছু নির্ভর করে, তখন খেলা যাবে ইনশাআল্লাহ।'

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জাপানে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। নেটে ও মাঠে সুবিধাজনক অবস্থা না থাকলেও নিজেদের অনুশীলন চালিয়ে যেতে দেখা গেছে তাদের। যদিও ব্যাট-বলের অনুশীলন সেভাবে করতে পারেননি টাইগাররা।

রাব্বি বলেন, 'অনুশীলন হয়নি, কিন্তু আমরা সবসময় মানসিকভাবে সবসময় প্রস্তুত রাখি নিজেদেরকে, যতটা নিজেকে মাঠে রাখা যায়। জিম সেশন আমরা করতে পারিনি, কিন্তু মাঠে এসেছিলাম, ফুটবল মাঠে আমরা অনুশীলন করেছিলাম, ফুটবল খেলেছিলাম। আমার মনে হয় আমরা যতটুকু পেরেছি, মানসিকভাবে আমরা প্রস্তুত রাখার চেষ্টা করেছি নিজেদেরকে।'

এদিকে আসরে মাঠে নামার আগেই জাপান ছেড়ে বাংলাদেশে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। অসুস্থতার কারণে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় খেলবেন শামীম পাটোয়ারি। শান্ত না থাকায় পুরো ব্যাটিং অর্ডারে বাড়তি দায়িত্ব থাকবে বলে মনে করেন রাব্বি।

'দুর্ভাগ্যজনক যে শান্ত অসুস্থতার কারণে চলে যাচ্ছে। তবে যেটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমার মনে হয় আমাদের মনোযোগ দেয়া উচিত সামনে কি আসবে, সামনে কি আসবে না ওইটা নিয়ে। ব্যাটিং অর্ডারটা যা আছে ওইটা নিয়ে আমাদের ইনশাআল্লাহ এগিয়ে যেতে হবে।'

আরো পড়ুন: