যে বোলারকে খেলতে রক্ষণাত্মক হতেন গেইলও

আন্তর্জাতিক ক্রিকেট
ক্রিস গেইল, ফাইল ছবি
ক্রিস গেইল, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টিতে বোলারদের ওপর সবচেয়ে বেশি দাপট দেখানো ব্যাটারদের একজন ক্রিস গেইল। ভয়ংকর পাওয়ার হিটিং আর অবিশ্বাস্য সব রেকর্ডের জন্য পরিচিত এই ক্যারিবীয় ব্যাটারও অবশ্য ক্যারিয়ারে এমন একজন বোলারের মুখোমুখি হয়েছেন, যার বিপক্ষে স্বচ্ছন্দ ছিলেন না। সেই বোলার লাসিথ মালিঙ্গা।

টি-টোয়েন্টিতে বিভিন্ন প্রতিযোগিতায় মালিঙ্গার বিপক্ষে একাধিকবার খেলেছেন গেইল। তবে মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান খুব একটা গেইলের পক্ষে নয়। মালিঙ্গার ৭২ বল মোকাবিলা করে ৫৭ রান করেছেন তিনি, আউট হয়েছেন একবার। তবে গেইলের মতে, সংখ্যার চেয়েও বড় বিষয় ছিল মালিঙ্গার বোলিংয়ের ধরন।

মিডউইকেট স্টোরিজকে দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেন, ‘তখন মালিঙ্গাই ছিল সবচেয়ে কঠিন। তার বোলিং অ্যাকশনই ছিল আলাদা। সে আমাকে আউট করতে পারেনি, কিন্তু তার বিপক্ষে ব্যাট করা খুব কঠিন ছিল। তাকে মারার জন্য ঠিকভাবে পজিশন নিতে পারতাম না।’

মালিঙ্গার ধীরগতির বলও গেইলকে বেশ সমস্যায় ফেলত। তার ভাষায়, ‘তার ধীরগতির বলও কোনোভাবেই বুঝতে পারতাম না। সে এতটাই ধোঁকা দিতে পারত। টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে সে আমার জন্য খুব কঠিন ছিল।’

মালিঙ্গার বিপক্ষে তাই নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরনও বদলাতে হতো গেইলকে। তিনি বলেন, ‘আমি তখন ভাবতাম, আগে তাকে সামলাতে হবে। তাই ব্লক করার চেষ্টা করতাম, স্ট্রাইক বদলানোর চেষ্টা করতাম। কোনো বোলারকে বুঝতে না পারলে তার বিপক্ষে নিরাপদে খেলার চেষ্টা করতাম, এরপর অন্য বোলারদের আক্রমণ করতাম।’

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মালিঙ্গা দীর্ঘ সময় ছিলেন অন্যতম প্রধান বোলিং অস্ত্র। ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সফল বোলার। তার স্লোয়ার, ইয়র্কার ও অস্বাভাবিক অ্যাকশন মিলিয়ে শেষের ওভারগুলোতে ব্যাটারদের জন্য নিয়মিতই বড় হুমকি ছিলেন তিনি।

গেইলও আইপিএলের ইতিহাসের অন্যতম সফল ব্যাটার। ১৪২ ম্যাচে ৪ হাজার ৯৬৫ রান করেছেন তিনি, ছক্কা মেরেছেন ৩৫৭টি। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস এখনো আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এমন এক ব্যাটারের কাছ থেকেই মালিঙ্গাকে সবচেয়ে কঠিন বোলার হিসেবে স্বীকৃতি পাওয়া তার বোলিংয়ের কার্যকারিতারই আরেকটি স্বীকৃতি।

আরো পড়ুন: