এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সঙ্গেই ছিলেন শান্ত। যদিও অসুস্থ হয়ে দেশে ফিরে আসতে হয় তাকে। এদিকে আগামীকালই আফগানিস্তান সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ টেস্ট দলের সদস্যদের। ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা যোগ দেবেন আরও কদিন পর।
আপাতত মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করাবেন শান্ত। এরপরই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে তার। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের।
দুই দেশের সম্মতিতে ওয়ানডে সিরিজের পরবর্তীতে ৫০ ওভারের ক্রিকেটের ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। যেখানে তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে।
২০১৯ সালের পর এবারই প্রথম ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের মাটিতে সেবার বাংলাদেশের সঙ্গে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের হারিয়ে শিরোপা জিতেছিলেন মাশরাফি বিন মুর্তজার দল।
সাত বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের দলের সঙ্গে পাশাপাশি আফগানিস্তান ও জিম্বাবুয়ে অংশ নেবে সিরিজটিতে। আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ২১ অক্টোবর।
পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুইটি দল ২৩ অক্টোবর ফাইনাল খেলবে। ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে সেটা এখনো নিশ্চিত করেনি আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের আগে অবশ্য আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ থেকে ১৩ অক্টোবর হবে ম্যাচটি। টেস্ট ম্যাচের ভেন্যুও নিশ্চিত করেনি তারা।