‘আমার ওপর কোনো চাপ নেই’, অধিনায়কত্ব নিয়ে বাবর

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ
বাবর আজম
বাবর আজম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব শুরু করবেন বাবর আজম। এই সিরিজটি তাই পাকিস্তানি এই ব্যাটারের জন্যও অনেক গুরুত্বপূর্ণ।

শনিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাবর জানিয়েছেন, গত প্রায় দুই মাস ধরেই এই সিরিজ এবং সামনে থাকা আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে প্রস্তুতি নিয়েছে দল। সিরিজ শুরুর আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি। খেলোয়াড়দের ফিটনেস নিয়েও ইতিবাচক তিনি।

বাবর বলেন, ‘দল হিসেবে আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। প্রায় দুই মাস ধরে আমরা এই সিরিজ এবং সামনে থাকা দায়িত্বগুলোর জন্য নিজেদের তৈরি করছি। খেলোয়াড়রা ফিটনেস নিয়ে খুব কঠোর পরিশ্রম করেছে। নিজেদের দক্ষতা উন্নত করতেও সবাই অনেক পরিশ্রম করেছে।’

আবারও পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর কোনো বাড়তি চাপ অনুভব করছেন না বলেও জানিয়েছেন বাবর। আগের মেয়াদে অধিনায়ক হিসেবে যা যা শিখেছেন তা উজার করে দিতে চান তিনি। দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটার থাকায় তা সমন্বয়ে দারুণ ভূমিকা রাখবে বলেও আশাবাদী পাকিস্তান অধিনায়ক।

তিনি বলেন, ‘আমার ওপর কোনো চাপ নেই। আবার অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ায় আমি আত্মবিশ্বাসী। আগের মেয়াদে অধিনায়ক হিসেবে অনেক কিছু শিখেছি। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের খুব ভালো সমন্বয় আছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী।’

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ ফজল। তরুণ এই ব্যাটারের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাবর। কন্ডিশন নিয়ে বাবর জানিয়েছেন সাম্প্রতিক বৃষ্টির কারণে উইকেট পেসারদের জন্য সহায়ক হতে পারে। সে জন্যও প্রস্তুত আছে তার দল।

তিনি বলেন, ‘আবদুল্লাহ ফজলের দ্রুত সুস্থতা কামনা করি। ও আমাকে সত্যিই মুগ্ধ করেছে, কারণ সে খুবই প্রতিভাবান একজন খেলোয়াড়। প্রথম সিরিজে যেভাবে ব্যাটিং করেছে, তাতে তার আত্মবিশ্বাস স্পষ্ট ছিল। এ মুহূর্তে উইকেটটা বেশ ভিন্ন দেখাচ্ছে। এখানে বৃষ্টি হয়েছে এবং উইকেট অনেকটা সময় কভারের নিচে ছিল। সাধারণত এখানকার কন্ডিশন ফাস্ট বোলারদের জন্য সহায়ক হয়।’

আরো পড়ুন: