গম্ভীরের দল নির্বাচনে স্পষ্টতার অভাব দেখছেন অশ্বিন

ভারতীয় ক্রিকেট
রবিচন্দ্রন অশ্বিন ও গৌতম গম্ভীর, ফাইল ফটো
রবিচন্দ্রন অশ্বিন ও গৌতম গম্ভীর, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। সাবেক এই অফস্পিনারের মতে, বর্তমান টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় সমস্যা পরিকল্পনার অস্পষ্টতা। একই সঙ্গে বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর ও সাবেক কোচ রাহুল দ্রাবিড়ের কোচিং দর্শনের পার্থক্যও তুলে ধরেছেন তিনি।

সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে গিয়ে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। সেই সিরিজ হারের কারণগুলো দ্রুতই খুঁজে বের করার তাগিদ দিয়েছেন অশ্বিন। তার দাবি, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতের এখন সবচেয়ে বেশি প্রয়োজন দল নির্বাচন ও পরিকল্পনায় স্পষ্টতা। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোটে পড়লে তার বিকল্প খুঁজতে গিয়ে দল যেন ভারসাম্য না হারায়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন অশ্বিন। ২০২৩ বিশ্বকাপে হার্দিকের চোটের পর রাহুল ড্রাবিড়ের কোচিংয়ে ভারত যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিল, সেটিকেই উদাহরণ হিসেবে টানেন তিনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘হার্দিক না থাকলে নীতিশ কুমার রেড্ডি, তারপর শিভম দুবে এভাবে বিকল্প ভাবা হচ্ছে। কিন্তু যে ক্রিকেটার এখনো আপনার পরিকল্পনার জন্য প্রস্তুত নয়, তাকে নিয়ে বারবার আলোচনা করার কোনো মানে নেই। কেউ চোটে পড়লে সেটি খেলাধুলারই অংশ। ২০২৩ বিশ্বকাপে হার্দিক ছিটকে যাওয়ার পর আমরা ষষ্ঠ বোলার খুঁজতে ব্যস্ত হইনি। আমরা ভিন্নভাবে পরিস্থিতি সামলে পাঁচ বোলার নিয়েই খেলেছি।’

তিনি আরও বলেন, ‘তখন দলের অন্যদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হয়নি। পরিষ্কার পরিকল্পনা নিয়েই তারা ফাইনাল পর্যন্ত উঠেছিল। বিশ্বকাপ জিততে হলে ড্রেসিংরুমের সংস্কৃতি ও খেলোয়াড়দের মানসিকতাই সবচেয়ে বড় বিষয়। কিন্তু বর্তমান টিম ম্যানেজমেন্টের এই “বিটস অ্যান্ড পিসেস” ক্রিকেটারের প্রতি এক ধরনের মোহ রয়েছে। সম্ভবত এ কারণেই টেস্ট ক্রিকেটে আমরা ভুগেছি। টেস্টে বিশেষজ্ঞ ক্রিকেটারই পার্থক্য গড়ে দেয়। ব্যাট ও বল দুই বিভাগেই ম্যাচ জেতাতে পারে, এমন ক্রিকেটারদেরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।’

অশ্বিনের মতে, বিশ্বকাপের আগে ভারতীয় দলের একটি নির্দিষ্ট খেলোয়াড়ের তালিকা ঠিক করে তাদের নিয়েই পরিকল্পনা এগিয়ে নেওয়া উচিত। সাউথ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে শিরোপার স্বপ্ন পূরণ করতে হলে এখন থেকে দল গোছানোর তাগিদ তার।

এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘প্রথমে প্রয়োজন পরিষ্কার পরিকল্পনা। ১৭ বা ১৮ জনের একটি দল ঠিক করে তাদের জানিয়ে দিতে হবে, আগামী ১৪ মাস এই দল থেকেই বিশ্বকাপের স্কোয়াড গঠন করা হবে।’

তিনি আরও বলেন, ‘এই দলে দুইজন উইকেটরক্ষক, তিনজন স্পিনার ও পাঁচজন পেসার থাকতে হবে। এই খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য সেরা একাদশ তৈরি করতে হবে। কিন্তু এখন সেই স্পষ্টতার অনেকটাই অভাব রয়েছে।’

আরো পড়ুন: