ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ

আফগানিস্তান-ভারত সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বিপক্ষে ভারতের মাটিতেই নিজেদের ‘হোম’ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। তবে সিরিজটি ঘিরে তৈরি হয়েছে সূচির অনিশ্চয়তা। কারণ, দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকা ভারতের বাংলাদেশ সফর আবারও আলোচনায়। সেই সফর আলোর মুখ দেখলে এর প্রভাব পড়তে পারে আফগানিস্তানের বিপক্ষে ভারতের নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও। আপাতত দিল্লিতে সিরিজ আয়োজনের প্রস্তুতি চললেও চূড়ান্ত সূচি নির্ভর করছে বাংলাদেশ সফর নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তের ওপর।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের কারণে ভারত দলের বাংলাদেশ সফর হবার সম্ভাবনাই বেশি। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত খবরে জানা যায়, ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। এর পর থেকেই দুই দেশের ক্রিকেট মহলে সিরিজটি আয়োজনের সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায়। ফলে সেই সফর নিশ্চিত হলে ভারতের বিপক্ষে আফগানিস্তানের সিরিজ কয়েক দিন পিছিয়ে যেতে পারে, এমনকি আরও পরে আয়োজনের সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, সূচি দীর্ঘ সময় পিছিয়ে দেওয়ার সুযোগও খুব কম। কারণ ২৪ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস, আর ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। তাই ভারত বাংলাদেশ সফরে গেলে আফগানিস্তান সিরিজটি কেবল কয়েক দিনের জন্য পিছিয়ে যেতে পারে। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

এদিকে, সিরিজটি আরেকটি কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রথম ভারতে অনুষ্ঠিত কোনো আন্তর্জাতিক সিরিজ জিওস্টারে সম্প্রচার হবে না। যেহেতু সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড, তাই ম্যাচগুলো অন্য টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখানো হবে। ডিজিটাল সম্প্রচারস্বত্ব রয়েছে ফ্যানকোডের হাতে। টেলিভিশন সম্প্রচারস্বত্বের দৌড়ে রয়েছে জি ও সনি স্পোর্টস। তবে স্টার স্পোর্টসে সম্প্রচারের জন্য জিওস্টারও শেষ পর্যন্ত আগ্রহ দেখাতে পারে।

সম্প্রচারস্বত্বের বিপণন ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম দেখভাল করছে আইটিডব্লিউ ইউনিভার্স। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ভৈরব শান্ত জানান, ‘এসিবি ও বিসিসিআইয়ের মধ্যে ম্যাচ আয়োজন নিয়ে একটি সমঝোতা হয়েছে বলেই আমরা জানি। ম্যাচগুলো নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে। মিডিয়া ও বিপণনের দায়িত্ব আমাদের, আর ম্যাচ পরিচালনা ও লজিস্টিকস দেখবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।’

তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো আফগানিস্তান ভারতের বিপক্ষে হোম সিরিজ আয়োজন করছে। তাই এটি একটি ঐতিহাসিক সিরিজ।’

আরো পড়ুন: