আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো বলার মতো কিছু করে দেখাতে পারেনি পাকিস্তান। সবশেষ চক্রে পাকিস্তানের অবস্থান ছিল তলানিতে। ব্যাট হাতে ছন্দে না থাকায় বাবরকে সরিয়ে শান মাসুদের হাতে টেস্ট দলের অধিনায়কত্ব তুলে দিয়েছিল পিসিবি। শান মাসুদ দায়িত্ব নেওয়ার পর আরও বেশি অবনতি হয়েছে তাদের। গত প্রায় তিন বছরে ১৬ টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
সেই ১৬ ম্যাচের ১২ টিতেই জিততে পারেনি পাকিস্তান। বলার মতো পারফরম্যান্স ছিল কেবল ইংল্যান্ডের বিপক্ষে। সেটাও অবশ্য ঘরের মাঠে টার্নিং উইকেট বানিয়ে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে ড্র আছে পাকিস্তান। কদিন আগে বাংলাদেশ সফরে হোয়াইটওয়াশ হওয়ায় শান মাসুদের অধিনায়কত্ব হারানোর ছিল কেবল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। শান মাসুদকে সরিয়ে আবারও অধিনায়কত্বে ফেরানো হয়েছে বাবরকে।
ক্যারিয়ারে দ্বিতীয় দফায় পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। কেন শান মাসুদকে সরিয়ে দেওয়া হয়েছে সেটার ব্যাখ্যা দিয়েছেন আকিব জাভেদ। পাকিস্তানের হাই-পারফরম্যান্স পরিচালক জানান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা বাংলাদেশের বিপক্ষে খেলার সময় টেইলএন্ডারদের কাছে ভুগতে হয়েছে তাদের। কন্ডিশন ও বোলার পরিবর্তন করেও ফলাফল না আসায় নেতৃত্বে সমস্যা দেখেছেন তারা।
এ প্রসঙ্গে আকিব জাভেদ বলেন, ‘আমরা বাবর আজমকে ফিরিয়ে এনেছি কারণ একই সমস্যা বারবার ফিরে আসছিল। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা সম্প্রতি বাংলাদেশে, প্রতিপক্ষের টেইলএন্ডাররা আমাদের হতাশ করেই যাচ্ছিল। কন্ডিশন ও বোলার বদলাচ্ছিল কিন্তু ফলাফল একই ছিল। তখন এটা নির্দেশ করে নেতৃত্ব ও ম্যাচ পরিচালনায় সমস্যা আছে।’
পাকিস্তানের ক্রিকেটে অধিনায়কত্ব কিংবা কোচিং সবই যেন ম্যাজিক্যাল চেয়ারের মতো। কে কোন দায়িত্বে কতদিন আছে সেটা কেউই জানে না। তবে পাকিস্তানের টেস্ট দলের স্থিতিশীলতা আনার জন্য বাবরকে লম্বা সময় রাখতে চায় পিসিবি। আকিব জাভেদের চাওয়া, আগামী দুই-তিন বছরে নিজের পারফরম্যান্স দিয়ে দলকে অনুপ্রাণিত করবেন বাবর।
তিনি বলেন, ‘আমার বিশ্বাস, বাবর আবারও দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট পরিণত। সে আমাদের অন্যতম প্রধান একজন খেলোয়াড় এবং আমাদের পরিকল্পনা হলো তাকে দুই থেকে তিন বছরের জন্য অধিনায়কত্ব দেওয়া। প্রত্যেক অধিনায়কই একটি নতুন মানসিকতা নিয়ে আসে এবং আমরা আশা করি সে তার নিজের পারফরম্যান্সের মাধ্যমে দলকে অনুপ্রাণিত করবে।’